২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার এক মামলায় আদালতের সমনে হাজির না হওয়ায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বুধবার এই পরোয়ানা জারির আদেশ দেন।

হজ নিয়ে মন্তব্যের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বারের আইনজীবী শাহ আলম গত ২ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এই মামলা করেন।

ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ ধারায় করা এ মামলা আমলে নিয়ে আদালত লতিফকে ১৫ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিনি আদালতে না আসায় বুধবার বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বলে মামলার বাদী শাহ আলম জানান।

ওই মন্তব্যের কারণে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো লতিফ বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। 

টাঙ্গাইলের এই সংসদ সদস্যকে নিয়ে আলোচনার সূত্রপাত নিউ ইয়র্কে গত ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে। টাঙ্গাইল সমিতির ওই অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়।

তার ওই বক্তব্য তাৎক্ষণিকভাবে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আলোচনার ঝড় তোলে। বিএনপি ও হেফাজতে ইসলামসহ কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন এ নিয়ে আন্দোলনে নামার হুমকি দেয়।

এরপর বিভিন্ন জেলায় দুই ডজনের বেশি মামলা হয় লতিফের বিরুদ্ধে। নিজের দলেই নিঃসঙ্গ হয়ে পড়েন তিনি।

এর ধারাবাহিকতায় গত ১২ অক্টোবর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি দেওয়া হয়।

দলে তার প্রাথমিক সদস্যপদ কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে মঙ্গলবার কারণ দর্শানোর নোটিসও পাঠিয়েছে আওয়ামী লীগ।

পুরনো খবর:

মন্ত্রিত্ব-দলীয় পদ সবই খোয়ালেন লতিফ সিদ্দিকী
হজ নিয়ে বক্তব্য: তোপের মুখে লতিফ সিদ্দিকী
কথায় কথায় জয়কে টানেন কেন: লতিফ
আলোচনায় লতিফ সিদ্দিকী
আরো ১৪ মামলায় লতিফকে সমন
চূড়ান্ত বহিষ্কারের আগে লতিফকে আ. লীগের নোটিস