অবমাননা: এইচআরডব্লিউকে সতর্ক করল ট্রাইব্যুনাল
সতর্ক করে দিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার রুলের নিষ্পত্তি করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এই রায় দেয়।
এক বিবৃতিতে গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’বলায় গতবছরের ২০ অগাস্ট এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
আদালতের আদেশে বলা হয়, গোলাম আযমসহ ট্রাইব্যুনালের রায় নিয়ে এইচআরডব্লিউ যে মন্তব্য করেছে তা `অনৈতিক এবং ট্রাইব্যুনালের জন্য মর্যাদাহানিকর’।
“তারা কোনো পর্যবেক্ষক না পাঠিয়ে তাদের মনগড়া বক্তব্য দিয়েছেন।”
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটিকে সতর্ক করে দিয়ে আদেশে বলা হয়, বিচারিক বিষয়ে নিয়ে কোনো মন্তব্য করতে ভবিষ্যতে তাদের সতর্ক থাকতে হবে। প্রথমবারের মতো এটি হওয়ায় এ অভিযোগের নিষ্পত্তি করা হলো।
প্রসিকিউটর তুরীন আফরোজ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রসিকিউশনের পক্ষে থেকে এ আদেশের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এইচআরডব্লিকে পাঠানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
এছাড়া এ আদেশ যাতে এইচআরডব্লিউ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয় সে বিষয়ে আদেশ চেয়েও আরেকটি আবেদন করা হয়েছে।
অভিযোগের বিষয়ে প্রাথমিক শুনানি করে গত বছরের ২ সেপ্টেম্বর সংস্থাটির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ট্রাইব্যুনাল। এইচআরডব্লিউর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এ মানবাধিকার সংস্থার পরিচালনা পর্ষদ, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভকে তিন সপ্তাহের মধ্যে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে বলা হয়।
বিষয় তিনটি হলো- গোলাম আযমের বিচার প্রক্রিয়া নিয়ে ‘অনৈতিকভাবে’ পাঁচটি ‘অবৈধ’ মন্তব্য এবং আপিল বিভাগের বিচারাধীন দুটি মামলার বিষয়ে ‘মনগড়া’ মন্তব্য করা; ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ না করে ‘মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা ও দূরভিসন্ধিমূলক’ প্রতিবেদন প্রকাশ করে বিচারকদের ভূমিকা ও বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা; এবং ‘ইচ্ছাকৃত ও অনৈতিকভাবে’ প্রতিবেদন প্রকাশ করে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের বিচারকদের সুনাম ও মর্যাদাহানি ঘটানো।
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, হত্যাকাণ্ডে সায় ও সহযোগিতা দেওয়ার দায়ে জামায়াতে ইসলামীর তখনকার আমির গোলাম আযমকে গত বছরের ১৫ জুলাই ৯০ বছর অথবা আমৃত্যু কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আদালতের ওই রায় নিয়ে প্রশ্ন তুলে ১৭ অগাস্ট ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রোসিডিংস’ শিরোনামে ওই বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ, যাতে পাঁচটি অভিযোগ আনে তারা।
বিবৃতিতে বলা হয়, গোলাম আযমের রায় দেয়ার আগে ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা পারে না। এ মামলায় সংশ্লিষ্ট বিচারক ও প্রসিকিউটররা পক্ষপাতদুষ্ট ছিলেন এবং সমঝোতার ভিত্তিতে রায় দিয়েছেন। আসামিপক্ষের সাক্ষীদের সুরক্ষা দিতে ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছে এবং বিচারক প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে।
গোলাম আযমের রায়ে তাকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তথ্যপ্রমাণের অভাব ছিল বলেও এইচআরডব্লিউ মনে করে।
এ বছরের ১০ এপ্রিল এ সংস্থাটির পক্ষে লিখিত জবাব দাখিল করেন তাদের আইনজীবী মো. আসাদুজ্জামান ও ব্যারিস্টার আনিসুল হাসান।
পরে গত ২৫ জুলাই এ বিষয়ে প্রসিকিউশন ও অভিযুক্ত উভয়পক্ষের শুনানি হয়। শুনানির এক পর্যায়ে ট্রাইব্যুনালের কাছে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ক্ষমা করে দেয়ার আবেদন জানান হিউম্যান রাইটস ওয়াচের আইনজীবী আসাদুজ্জামান।
