আদালত অবমাননার রুলের জবাব দিল এইচআরডব্লিউ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত অবমাননার রুলের লিখিত জবাব দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বৃহস্পতিবার এইচআরডব্লিউর পক্ষে ট্রাইব্যুনালে লিখিত জবাব জমা দেন সংস্থাটির আইনজীবী মো. আসাদুজ্জামান। এসময় ট্রাইব্যুনালে সংস্থাটির আরেক আইনজীবী আনিসুল হাসানও উপস্থিত ছিলেন।
এক বিবৃতিতে গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় গত বছরের ২ সেপ্টেম্বর সংস্থাটির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ট্রাইব্যুনাল।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১২ মে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন রেখেছে।
গত ২৭ ফেব্রুয়ারি এক আবেদনে লিখিত জবাব দিতে সময় চান আনিসুল হাসান। তখন বৃহস্পতিবার শুনানির দিন রাখে টাইব্যুনাল।
এইচআরডব্লিউর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এ মানবাধিকার সংস্থার পরিচালনা পর্ষদ, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভকে তিন সপ্তাহের মধ্যে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে বলা হয়।
বিষয় তিনটি হলো- গোলাম আযমের বিচার প্রক্রিয়া নিয়ে ‘অনৈতিকভাবে’ পাঁচটি ‘অবৈধ’ মন্তব্য এবং আপিল বিভাগের বিচারাধীন দুটি মামলার বিষয়ে ‘মনগড়া’ মন্তব্য করা; ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ না করে ‘মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা ও দূরভিসন্ধিমূলক’ প্রতিবেদন প্রকাশ করে বিচারকদের ভূমিকা ও বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা; এবং ‘ইচ্ছাকৃত ও অনৈতিকভাবে’ প্রতিবেদন প্রকাশ করে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের বিচারকদের সুনাম ও মর্যাদাহানি ঘটানো।
এক বিবৃতিতে গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় গত বছরের ২০ অগাস্ট এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
আদালতের ওই রায় নিয়ে প্রশ্ন তুলে ১৭ অগাস্ট ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রোসিডিংস’ শিরোনামে একটি বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ, যাতে পাঁচটি অভিযোগ আনে তারা।
বিবৃতিতে বলা হয়, গোলাম আযমের রায় দেয়ার আগে ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা পারে না। এ মামলায় সংশ্লিষ্ট বিচারক ও প্রসিকিউটররা পক্ষপাতদুষ্ট ছিলেন এবং সমঝোতার ভিত্তিতে রায় দিয়েছেন। আসামিপক্ষের সাক্ষীদের সুরক্ষা দিতে ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছে এবং বিচারক প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে।
গোলাম আযমের রায়ে তাকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তথ্যপ্রমাণের অভাব ছিল বলেও এইচআরডব্লিউ মনে করে।
