২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবমাননা:এইচআরডব্লিউর বিরুদ্ধে আদেশ ১৫ জুলাই

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার রুলের বিষয়ে আগামী ১৫ জুলাই আদেশ দিবে ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 11:36 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রোববার উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ দিন রাখে।

রোববার ট্রাইব্যুনালে এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও তুরিন আফরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রসিকিউটর আলতাফ উদ্দিন আহমদ, তাপস কান্তি বল ও আবুল কালাম আজাদ।

অপরদিকে এ রুলের বিরোধিতা করে এইচআরডব্লিউর পক্ষে শুনানি করেন আসাদুজ্জামান। এছাড়াও সংস্থাটির পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আনিসুল হাসান।

শুনানিতে প্রথমে আসাদুজ্জামান বলেন,“এইচআরডব্লিউ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে তার সমালোচনা করেছে। তাতে আদালত অবমাননার মতো কোনো অপরাধ করেনি।”

তখন ট্রাইব্যুনাল আইনজীবীকে বলেন,“আপনি ট্রাইব্যুনালের সমালোচনা করে বললেন যে, এই আদালত আন্তর্জাতিক বা দেশীয় কোনো স্ট্যান্ডার্ড ফলো করে না। আপনি বলছেন, আন্তর্জাতিক ও বাংলাদেশি স্ট্যান্ডার্ডের কোনোটি ফলো করা হয়নি জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযমের মামলাতে।

“কিন্তু আপনি এতে আদালত অবমাননা হতে পারে,তার বিষয়টি বুঝলেন না। আদালত কোনো স্ট্যান্ডার্ড ফলো করছে না,সেটা বলতে পারছেন। কিন্তু আদালত অবমাননার বিষয়টি একবারও ভাবলেন না।”

ট্রাইব্যুনাল আরো বলেন, অভিযুক্ত গোলাম আযমের মামলার আইনজীবীরা তার মামলার স্ট্যান্ডার্ড নিয়ে কোন প্রশ্ন তোলেনি। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ অতি উৎসাহী হয়ে মামলার বিষয়ে প্রশ্ন তুললো।

হিউম্যান রাইটস ওয়াচের আইনজীবী এই ব্যাপারে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে ক্ষমা করে দেয়ার আবেদন জানান ট্রাইব্যুনালের প্রতি।

পরে প্রসিকিউশনের পক্ষে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন,“বিষয়টি যদি ইন্টারনেটভিত্তিক না হয়ে ঘরোয়া কোনো বিষয় থাকতো তাহলে আমরা তা দেশীয় কোনো উপায়ে ব্যবস্থা নিতে পারতাম।যেহেতু বিষয়টি ইন্টারনেটের মাধ্যমে, বিশ্বের যে কোনো প্রান্তে বসে ক্লিক করলেই তা দেখা সম্ভব।

“তারা রিপোর্টে বলেছেন যে, বাংলাদেশের ট্রাইব্যুনালে ‘লো স্ট্যান্ডার্ড ফলো করা হয়, ইন্টারন্যাশনালি  ফলো করা হয়নি। তারা বলছেন, ট্রাইব্যুনালের বিচারের ‘ফেয়ারলি’ সমালোচনা করা হয়েছে। কিন্তু এখানে তো কোনও পাবলিক ইন্টারেস্ট নেই।এখন মামলাটি ট্রাইব্যুনালের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পেন্ডিং। তাতে পাবলিক ইন্টারেস্ট কি আছে?

“তারা (এইচআরডব্লিউ) কি বিশ্ব বিবেকের দ্বায়িত্ব পালন করেছে? এটা এক ধরনের নেগলিজেন্সি, তারা কি ধরা ছোঁয়ার বাইরে? বিষয়টি আর দেশের ভিতরে নেই। তাই এটি আদালত অবমাননা হয়েছে।”

এর আগে গত ১০ এপ্রিল এ সংস্থার পক্ষে লিখিত জবাব দাখিল করেন তাদের আইনজীবী মো. আসাদুজ্জামান ও ব্যারিস্টার আনিসুল হাসান।

এইচআরডব্লিউর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না-তা জানতে চেয়ে  গতবছরের ২ সেপ্টেম্বর রুল জারি করে ট্রাইব্যুনাল।

যুক্তরাষ্ট্রভিত্তিক এ মানবাধিকার সংস্থার পরিচালনা পর্ষদ, সংস্থার এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস ও অ্যাসোসিয়েট স্টর্ম টিভকে তিন সপ্তাহের মধ্যে তিনটি সুনির্দিষ্ট বিষয়ে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দিতে বলা হয়।

বিষয় তিনটি হলো- গোলাম আযমের বিচার প্রক্রিয়া নিয়ে ‘অনৈতিকভাবে’ পাঁচটি অবৈধ মন্তব্য এবং আপিল বিভাগের বিচারাধীন দুটি মামলার বিষয়ে ‘মনগড়া’ মন্তব্য করা; ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরেজমিন পর্যবেক্ষণ না করে ‘মনগড়া, ভিত্তিহীন, মিথ্যা ও দূরভিসন্ধিমূলক’ প্রতিবেদন প্রকাশ করে বিচারকদের ভূমিকা ও বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা; এবং ‘ইচ্ছাকৃত ও অনৈতিকভাবে’ প্রতিবেদন প্রকাশ করে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ট্রাইব্যুনালের বিচারকদের সুনাম ও মর্যাদাহানী ঘটানো।

এক বিবৃতিতে গোলাম আযমের বিচারকে ‘ত্রুটিপূর্ণ এবং বিচারকদের ‘পক্ষপাতদুষ্ট’ বলায় গতবছরের ২০ অগাস্ট এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার এই অভিযোগ আনে ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

আদালতের ওই রায় নিয়ে প্রশ্ন তুলে ১৭ অগাস্ট “বাংলাদেশ: আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রোসিডিংস” শীর্ষক একটি বিবৃতি দেয় হিউম্যান রাইটস ওয়াচ, যাতে পাঁচটি অভিযোগও তুলে ধরে তারা।

বিবৃতিতে বলা হয়, গোলাম আযমের রায় দেয়ার আগে ট্রাইব্যুনাল নিজস্ব উদ্যোগে তদন্ত চালানোর যে কথা জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তা পারে না। এ মামলায় সংশ্লিষ্ট বিচারক ও প্রসিকিউটররা পক্ষপাতদুষ্ট ছিলেন এবং সমঝোতার ভিত্তিতে রায় দিয়েছেন। আসামিপক্ষের সাক্ষীদের সুরক্ষা দিতে ট্রাইব্যুনাল ব্যর্থ হয়েছে এবং বিচারক প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে।

গোলাম আযমের রায়ে তাকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে তথ্যপ্রমাণের অভাব ছিল বলেও এইচআরডব্লিউ মনে করে।