জাপানের প্রধানমন্ত্রী আসছেন সেপ্টেম্বরে
বাংলাদেশে প্রথম সফরে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকা আসছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
গত ১৪ বছরের মধ্যে প্রথম জাপানি প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা আসছেন তিনি। এর আগে ২০০০ সালে সর্বশেষ জাপানি প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা সফর করেন ইয়োশিরো মোরি।
গত মে মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের পর দুই দিনের সফরে ঢাকা আসছেন আবে।
প্রধানমন্ত্রীর ওই সফরের সময় ঢাকা আসবেন বলে জানিয়েছিলেন আবে। তার সফর সূচি এখন চূড়ান্ত হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন।
“এই সফর আমাদের জন্য তাৎপর্যপূর্ণ,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন ওই কর্মকর্তা।
অবশ্য আবের সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফাইল ছবি
সহজ শর্তে ঋণ, অনুদান,সহায়তা ও কারিগরি সহায়তা হিসেবে নিয়মিত বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে জাপান। গত বছর দেশটির মোট অনুদান ও সহায়তার পরিমাণ ১১ বিলিয়ন ডলারে পৌঁছায়।
শেখ হাসিনার সফরে জাপানের সঙ্গে বাংলাদেশের নতুন ‘সামগ্রিক অংশীদারিত্বের’ যাত্রা শুরু হয়।
প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ৬০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয় জাপান সরকার।
