২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-টোকিও সম্পর্কে ‘নবযুগের’ সূচনা

‘বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা’ নিশ্চিত করতে সম্পর্কের নতুন যুগে পা দিয়েছে জাপান ও বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 08:07 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

সোমবার টোকিওতে সফররত প্রধানমন্ত্রী শেখে হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দ্বিপাক্ষিক বৈঠকে নতুন ‘সামগ্রিক অংশীদারিত্বের’ যাত্রা শুরু হয়।

এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুদেশের প্রধানমন্ত্রী ‘জাপান-বাংলাদেশ সামগ্রিক অংশীদারিত্ব’ উদ্বোধন করেন, যা নিয়ে গত মার্চে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে আলোচনা হয়।

এতে বলা হয়, “উভয় পক্ষ ‘দ্রুততম সময়ে’ এই অংশীদারিত্বের রূপরেখা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।”

‘একটি নতুন অংশীদারিত্বের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করতে দুদেশের প্রধানমন্ত্রী নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত কররেছেন।

তারা উভয়েই বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা আনতে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

নবতর বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে সহযোগিতা আরো গভীর করতে তারা উভয়েই দু’দেশের মধ্যে নীতি সংলাপকে জোরদার করতে সম্মত হয়েছেন।

দু’দেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক সংলাপের উদ্বোধন করে দ্বিপাক্ষিক নীতি সংলাপ ও সহযোগিতা আরো গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে শেখ হাসিনা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য সক্রিয় অবদান রাখায় জাপানের ক্রমবর্ধমান উদ্যোগকে স্বাগত জানান।

আন্তর্জাতিক সহযোগিতার নীতির ভিত্তিতে ‘শান্তিতে সক্রিয় অবদান রাখার’ জাপানি নীতির প্রশংসা করে তাতে সমর্থন জানান তিনি।

প্রধানমন্ত্রী আবে তার সমর্থনের গভীর প্রশংসা করেন। এসময় দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও জাপানের মধ্যে চলমান অচলাবস্থা নিয়ে শেখ হাসিনার কাছে ব্যাখ্যা করেন তিনি।

সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় ব্লু ইকোনমি বিষয়ে এক্সপার্ট গ্রুপ মিটিংয়ে জাপানকে আমন্ত্রণ জানান হাসিনা।

শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন আবে।

দুই প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে দ্বি-পাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা আরো গভীরতর করার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশে পিস বিল্ডিং সেন্টার প্রতিষ্ঠায় জাপানের অভিজ্ঞতা বিনিময় করতে এবং বিশেষজ্ঞ পাঠাতে আগ্রহ ব্যক্ত করেন।

বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন ঘটাতে দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে উভয়ে সম্মত হন।

এসময় নিরাপত্তা পরিষদে জাপানের স্থায়ী সদস্য পদ পাওয়ার প্রত্যাশায় আবারো সমর্থন ব্যক্ত করেন।

উভয় নেতা পারস্পরিক স্বার্থ ও আঞ্চলিক সমৃদ্ধির উন্নয়নে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হন।