২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘটে অচল রাজশাহী-ময়মনসিংহ অঞ্চল

সড়কে অবৈধ যান চলাচল বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিভাগের পর পরিবহন ধর্মঘটে দুর্ভোগে পড়েছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 02:59 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

এদিকে রাজশাহী বিভাগীয় বাস-ট্রাক মালিক-শ্রমিকদের ডাকে গত রোববার থেকে চলা অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যে রাজশাহী জেলার ৯টি উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনবিরোধী অভিযানে নেমেছে প্রশাসন।

মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলার ৯টি উপজেলায় অভিযান শুরু হয় বলে জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, গত ২০ মে শুরু হওয়া অবৈধ যানবাহনবিরোধী অভিযান মঙ্গলবার থেকে আরো জোরদার করে উপজেলা পর্যায়েও শুরু করা হয়েছে।

পুলিশের সহযোগিতায় নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসার অভিযানে নেতৃত্বে দিচ্ছেন। এছাড়াও মহানগরী ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনার জন্য দুই জন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

অভিযানে কয়েকটি শ্যালোইঞ্জিন চালিত যানবাহন তৈরি ও মেরামতের কারখানা সিল করে দেয়া হয়েছে।

তবে বিভাগের অন্য জেলাগুলো থেকে অভিযানের কোনো খবর পাওয়া যায়নি।

ধর্মঘটের তৃতীয় দিন মঙ্গলবারও ঢাকার সঙ্গে এসব জেলার যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ ও ব্যবসয়ীরা।

সকাল থেকে পরিবহন শ্রমিকরা রাজশাহীর নওদাপাড়া, কাশিয়াডাঙ্গা, পুঠিয়ার বেলপুকুর মোড়ে ব্যাটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটো রিকশা, হিউম্যান হলার চলাচলে বাধা দেয়।

বিভাগীয় আন্দোলন পরিচালনা কমিটির সদস্য সচিব কামাল হোসেন রবি বলেন, অবৈধ যানবাহন চলাচল ও তৈরির কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা দেখার পর ধর্মঘট প্রত্যাহারের ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে।

রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন বলেন, ধর্মঘটের তিনদিন আগে থেকেই অবৈধ যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিভিন্ন সড়কে এসব যান চলাচল ও যানবাহন তৈরির কারখানাগুলো বন্ধে সব জেলার ডিসিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বিভাগীয় কমিশনার।

এদিকে গত বৃহস্পতিবার নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে ওই জেলার  জেলা প্রশাসককে প্রত্যাহার, অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবিতে ময়মনসিংহ অঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকার উত্তরাঞ্চলে ধর্মঘট হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের আহবায়ক আমিনুল হক শামীম।

গত বৃহস্পতিবার থেকে টানা ধর্মঘটের কারণে নেত্রকোনার সঙ্গে দেশের সব স্থানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবারও শহরের পারলা, বনোয়াপাড়া, রাজুরবাজার বাসস্ট্যান্ড ও পাঁচটি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে কোনো যান চলাচল করেনি।

বিপাকে পড়া যাত্রীদের শেষ ভরসা ট্রেন হলেও তাতেও জায়গা মিলছে না। ট্রেনের ছাদে, ইঞ্জিনে ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে।

সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা লোকাল ট্রেন এবং ঢাকা-নেত্রকোনা রুটে চলাছরকারী আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেসে এমন চিত্র দেখা গেছে।

ধর্মঘটে শেরপুর, জামালপুরের সঙ্গে রাজধানী ঢাকাসহ সব জেলার বাস চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর সড়ক পরিবহন মালিক সমিতি এবং টাঙ্গাইল জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতি সংহতি জানিয়ে ধর্মঘটে যোগ দেয়ায়  এই দুই জেলার সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তবে গাজীপুরে স্থানীয়ভাবে কিছু লোকাল বাস চলাচল করতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে দূরপাল্লার অসংখ্য যাত্রীকে জয়দেবপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে।

টাঙ্গাইল শহরেও অল্প কিছু সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে।

(প্রতিবেদন তৈরিতে তথ্য পাঠিয়েছেন রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিরা)

পুরনো খবর:

বৈঠক নিষ্ফল, রাজশাহীতে ধর্মঘট অব্যাহত
পরিবহন ধর্মঘটে রাজশাহীতে দুর্ভোগ
বৃহত্তর ময়মনসিংহে পরিবহন ধর্মঘট