পরিবহন ধর্মঘটে রাজশাহীতে দুর্ভোগ
অবৈধ যানবাহন ও চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাজশাহী বিভাগের ৮ জেলা।
‘বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের’ ডাকে রোববার সকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের এ ধর্মঘটে বাস, ট্রাক, ট্যাঙ্কলরি ও কভার্ডভ্যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পণ্য পরিবহনকারিরা।
দাবি আদায়ে সব জেলাতেই পরিবহন মালিক-শ্রমিকরা বিক্ষোভ-সমাবেশ করছেন।
দুপুরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান ট্রার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করেন বাস-ট্রাক মালিক ও শ্রমিকরা। পরে ঢাকা বাসস্ট্যান্ডের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো গাড়ি রাস্তায় নামবে না।
রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন জানান, গত ১৫ মে পরিবহন নেতাদের আল্টিমেটামের প্রেক্ষিতে ২০ মে তাদের সঙ্গে আলোচনা হয়। সেখানে তাদের দাবিগুলো মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয় এবং পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বন্ধ করে দেয়া হয় সব অবৈধ যানবাহন চলাচল।
এরপরও তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এ ধর্মঘট ডেকেছে বলে মন্তব্য করেন তিনি বলেন, সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগের পরিবহন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে।সে বৈঠকের পর এ সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন কমিশনার হেলালুদ্দীন।
এদিকে ধর্মঘটের কারণে যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ এলাকায় আটকা পড়া যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বেলা সাড়ে ১২টা থেকে বাসসহ সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়।
সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ জানান, ঢাকা থেকে বেশ কিছু যাত্রীবাহী বাস রংপুর ও খুলনা বিভাগের উদ্দেশ্যে ছেড়ে আসলেও ধর্মঘটের কারণে সয়দাবাদ, কড্ডাসহ আশপাশের এলাকায় আটকা পড়ে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে মানবিক কারনে যানবাহনগুলো ছেড়ে দেয়া হয়েছে। তবে আগামীকাল থেকে কোনো ছাড় দেয়া হবে না।
তবে ট্রাফিক পুলিশের পরিদর্শক সৈয়দ মিলাদুল হুদা জানান, মহাসড়কে কোনো যানবাহন আটকে রাখতে দেয়া হবে না। বিষয়টি দেখার জন্য এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মহাসড়কে অবস্থান নিয়েছে বলে জানান তিনি।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ হোসেন খান জানান, ৬ দফা দাবি বাস্তবায়নের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হবে।
পাবনার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, “যেহেতু বিভাগীয় পর্যায় থেকে ধর্মঘট ডাকা হয়েছে সেহেতু আমাদের উর্দ্ধতন পর্যায়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই জেলায় অবৈধ যানবাহন চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।
ধর্মঘটের বিরোধিতা করে সোনার বাংলা মোটর সার্ভিসের পরিচালক রিজভী জয় বলেন, চাপিয়ে দেয়া ধর্মঘটের কারণে আমরা ব্যাবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
ঐক্য পরিষদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- নসিমন, করিমন, ভটভটি, পাওয়ারটিলার, ট্রাক্টরসহ অবৈধ যান চলাচল বন্ধ, সিএনজি, মাহেন্দ্র, থ্রি হুইলার, ইমা রুট পারমিট বহির্ভূত এলাকায় চলাচল বন্ধ ও রুট পারমিট প্রদান বন্ধ, লিজকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলা ভিত্তিক চলাচল বন্ধ, স্কেলের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ, বিআরটিএর ট্যাক্স টোকেন ও ফিটনেস এর বর্ধিত ফি প্রত্যাহার এবং সকল প্রকার পুলিশি হয়রানি বন্ধ করা।
