বৃহত্তর ময়মনসিংহে পরিবহন ধর্মঘট
সিএনজি অটোরিকশা ও নছিমন-করিমন ধরনের যান চলাচল বন্ধসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত বাস শ্রমিকদের সঙ্গে অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষের জেরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে মঙ্গলবার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
মহাখালী পরিবহন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, অন্যান্য দাবির সঙ্গে নেত্রকোণা জেলা প্রশাসক আবুল কালাম আজাদের অপসারণের দাবিও যুক্ত করেছেন তারা।
সমিতির দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, এর ফলে ময়মনসিংহের আট জেলার সঙ্গে ঢাকার বাস যোগাযোগ বন্ধ হয়ে পড়বে।
তিনি বলেন, “অবৈধ শ্যালোযান নসিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে আমরা আন্দোলন করছি।
“এছাড়া নেত্রকোণা জেলা প্রশাসন আমাদের নানাভাবে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা এই ধর্মঘটের ডাক দিয়েছি।”
ময়মনসিংহে ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদও সোমবার বিকালে একই ঘোষণা দেয়।
পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ জেলা মটর মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল হক শামীম সংবাদ সম্মেলনে বলেন, নেত্রকোনা জেলার চলমান পরিবহন ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন তারা।
লিখিত বক্তব্যে তিনি বিনা উসকানিতে পরিবহন মালিক ও শ্রমিকদের উপর আইনশৃঙ্খলাবাহিনীকে গুলির নির্দেশদাতা নেত্রকোনা জেলা প্রশাসক আবুল কালাম আজাদকে প্রত্যাহারসহ সাতটি দাবি উথ্থাপন করেন।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে রেজিস্ট্রেশনবিহীন অবৈধভাবে সিএনজি, অটোরিকশা, নছিমন, করিমন, ভটভটি, চাদেঁর গাড়ি ও ইজিবাইক চলাচল বন্ধ, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সঙ্গে সরকারের চুক্তি বাস্তবায়ন, পুলিশের চাঁদাবাজি বন্ধ, সড়ক দূর্ঘটনায় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলার বিধান প্রত্যাহার করা।
গত বুধবার বিকালে নেত্রকোণা শহরের বনোয়াপাড়া বাসস্ট্যান্ডে বাস শ্রমিকেরা একজন অটো শ্রমিককে মারধর করে। বৃহস্পতিবার এ নিয়ে সমঝোতা বৈঠক বসলে পুলিশের উপস্থিতিতে বাস শ্রমিকেরা হামলা চালিয়ে অন্তত ১৫ অটোরিকশা শ্রমিককে আহত করে।
এর জেরে বৃহস্পতিবার দুপুর থেকে নেত্রকোণার অভ্যন্তরীণ সব সড়কে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবারও দিনভর সমঝোতা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি এবং বাস শ্রমিকরা যান চলাচল বন্ধ রাখে।
এরপর শনিবার সকালে নেত্রকোণা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শ্রমিক নেতাদের সঙ্গে এক সমঝোতা বৈঠক হয়, কিন্তু সেখানেও কোনো সমাধান আসেনি।
এরপর ওইদিন বিকালে পুলিশ ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশ-শ্রমিক সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকরা ইটপাটকেল ছোড়ে এবং পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস ছোড়ে।
