২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠক নিষ্ফল, রাজশাহীতে ধর্মঘট অব্যাহত

প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকের বৈঠকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসায় রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 09:11 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সভা চলে।

এতে বিভাগের প্রত্যেক জেলা প্রশাসক, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপার ও পরিবহন নেতারা উপস্থিত ছিলেন।

পরিবহন ধর্মঘটের প্রেক্ষিতে রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে পরিবহন নেতাদের এ সভা আহ্বান করেন।

পরে বিভাগীয় কমিশনার সকল দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে মঙ্গলবার থেকে সড়কে অবৈধ যানবাহন (নসিমন, করিমন, ভটভটি, পাওয়ার টিলার, ট্রাক্টর) চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দিয়ে ধর্মঘট প্রত্যাহারের আহবান জানান।

এরপর বিভাগীয় পরিবহন আন্দোলন কমিটির আহবায়ক মুনজুর রহমান পিটার বলেন, ইতোপূর্বেও এ ধরনের আশ্বাস দেয়া হয়েছে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ফলে ধর্মঘট চলবে।

প্রশাসনের অভিযানে আশ্বস্ত হলে আর কোনো বৈঠক ছাড়াও ধর্মঘট প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দেন পরিবহন মালিক নেতা পিটার।

রোববার থেকে ধর্মঘটের ডাক দেয় রাজশাহী বিভাগীয় বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

তাদের দাবির মধ্যে রয়েছে নসিমন, করিমন, ভটভটি, পাওয়ার টিলার, ট্রাক্টরসহ এ ধরনের অবৈধ যান চলাচল বন্ধ করা; সিএনজি, মাহিন্দ্র, থ্রি হুইলার, ইমা রুট পারমিট বহির্ভুত এলাকায় চলাচল ও রুট পারমিট প্রদান বন্ধ করা; লিজকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলা পর্যায়ে চলাচল বন্ধ করা; স্কেলের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা; বিআরটিএ-এর ট্যাক্স টোকেন ও ফিটনেস এর বর্ধিত ফি প্রত্যাহার করা এবং সকল প্রকার পুলিশী হয়রানি বন্ধ করা।

পুরনো খবর:

রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট চলছে