২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট চলছে

বিভিন্ন রুটে নসিমন, করিমন ধরনের যান ও বিআরটিসি বাস বন্ধ করাসহ কয়েকটি দাবিতে রাজশাহী বিভাগে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 05:23 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

রোববার রাজশাহী বিভাগীয় বাস-ট্রাক মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে।

এ কারণে সোমবারও ঢাকাসহ দেশের অন্যান্য জেলার সঙ্গে রাজশাহী বিভাগের আট জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও মালামাল পরিবহনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পরিবহন মালিক-শ্রমিকরা ছয় দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। নগরীর শহীদ কামারুজ্জামান টার্মিনাল ও নওদাপাড়া বাস টার্মিনাল থেকে পৃথক দুইটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় তারা অবৈধ যান চলাচল বন্ধসহ ছয় দফা বাস্তবায়নের দাবি জানান।

রাজশাহী বিভাগীয় বাস-ট্রাক মালিক-শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির আহবায়ক মুনজুর রহমান পিটার জানান, সোমবার বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে বিভাগের আট জেলার পরিবহন নেতাদের বৈঠক রয়েছে। বৈঠকে কী সিদ্ধান্ত হয়, তার উপর নির্ভর করবে ধর্মঘট প্রত্যাহার করা হবে কিনা।

তাদের দাবিগুলো হলো নসিমন, করিমন, ভটভটি, পাওয়ার টিলার, ট্রাক্টরসহ এ ধরনের অবৈধ যান চলাচল বন্ধ করা; সিএনজি, মাহিন্দ্র, থ্রি হুইলার, ইমা রুট পারমিট বহির্ভুত এলাকায় চলাচল ও রুট পারমিট প্রদান বন্ধ করা; লিজকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলা পর্যায়ে চলাচল বন্ধ করা; স্কেলের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা; বিআরটিএ-এর ট্যাক্স টোকেন ও ফিটনেস এর বর্ধিত ফি প্রত্যাহার করা এবং সকল প্রকার পুলিশী হয়রানি বন্ধ করা।

রংপুর ও খুলনার যানবাহনগুলো বিপাকে

পরিবহন ধর্মঘটের কারণে সিরাজগঞ্জের উপর দিয়ে চলাচলকারী রংপুর ও খুলনা বিভাগের যানবাহনগুলোও বিপাকে পড়েছে, যদিও এ দুই বিভাগ ধর্মঘটের আওতাভুক্ত নয়।

এছাড়া ট্যাংকলরিও পরিবহনের আওতায়ভুক্ত হওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌ-বন্দর থেকে উত্তরাঞ্চলের সকল জেলায় জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে।

এ অবস্থায় উত্তরাঞ্চল ও ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেনগুলোতে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে। সিট না পেয়ে দাঁড়িয়ে ও ঝুলে যাত্রীদের গন্তব্যে যেতে হচ্ছে।

সিরাজগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, সিরাজগঞ্জে মালিক-শ্রমিকদের ১১টি সংগঠন পরিবহন ধর্মঘটে অংশ নিয়েছে। ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘোষিত কর্মসূচি পালিত হবে।