নূর হোসেনের আসবাবের সঙ্গে অস্ত্র, বন্যপ্রাণীও ক্রোক
আদালতের নির্দেশে সাত খুনের মামলার প্রধান আসামি পলাতক নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গুলিভর্তি পিস্তল, বন্যপ্রাণী এবং টিভি-ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র জব্দ করে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনের শিমরাইলের টেকপাড়ার বাড়িতে অভিযান শুরু হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মো. শাহীনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ এই অভিযানে অংশ নেয়।
ম্যাজিস্ট্রেট আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি এলসিডিসহ ৫টি টেলিভিশন, দুটি ফ্রিজ, তিনটি আলমারি, দু’সেট সোফা, ১০টি চেয়ার, একটি সেলফ ও ক্রিকেট খেলার সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র জব্দ করা হয়েছে।
“অভিযানে আট রাউন্ড গুলিভর্তি একটি রিভলভার, বিরল প্রজাতির দুটি ম্যাকাও বিভিন্ন পাখি এবং একটি হরিণের চামড়াও উদ্ধার করা হয়। এসব পাখি বন্যপ্রাণী বিভাগের কাছে হস্তান্তর করা হয়।”
তিনি জানান, নূর হোসেনের বাড়িতে তিনটি আলাদা বিল্ডিং রয়েছে। প্রত্যেকটিতে তল্লাশি চালানো হয়েছে। তবে অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
ম্যাজিস্ট্রেট বলেন, “পাঁচ জন সাক্ষীর উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। অভিযানের আগে পুলিশ সদস্যদের দেহ তল্লাশি করে ভেতরে পাঠানো হয়। সবরকম আইন মেনেই এই তল্লাশি অভিযান চালানো হয়।”
জব্দ করা উদ্ধার মালামাল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি সংরক্ষণাগারে রাখা হবে বলে জানান এই কর্মকর্তা।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে সাড়া দিয়ে বুধবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেএম মহিউদ্দিন প্রধান আসামি নুর হোসেনের বাড়ির মালামাল ক্রোক করতে আদেশ দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, মামলার পলাতক আসামি নূর হোসেনকে গ্রেপ্তারে বাধ্য করতেই এই অভিযান চালানো হয়েছে।
কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যাকাণ্ডের পর গত ৪ মে নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেদিন বাড়ি থেকে ১২ জনকে আটক এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছিল।
এরপর উচ্ছেদ করা হয় শীতলক্ষ্যা নদী তীরে নূর হোসেন ও তার সহযোগীদের অবৈধ দখল। তার দোকান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক। নূর হোসেন ও তার সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্সও বাতিল করা হয়।
নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাকে অব্যাহতি দেয়া হয়।
গত ২৭ এপ্রিল সাতজনকে অপহরণের পরপরই ক্ষুব্ধ নজরুল সমর্থকরা নূর হোসেনের কার্যালয় পুড়িয়ে দেয়।
নূর হোসেন ভারতে পালিয়ে গেছেন বলে র্যাবের ধারণা।
