নূর হোসেনের সম্পত্তি ক্রোকের নির্দেশ
সাত খুনের মামলার প্রধান আসামি পলাতক নূর হোসেনের অস্থাবর সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জের আদালত।
পুলিশের আবেদনে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন বুধবার সন্ধ্যায় এই আদেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান মিয়া জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল তিন দিন আগে এই আবেদন করেছিলেন বলে জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন ভারতে পালিয়ে গেছেন বলে র্যাব জানিয়েছে।
নিহত কাউন্সিলর নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলামের দাবি, নূর হোসেন র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে তাদের মাধ্যমে সাতজনকে হত্যা করিয়েছে।
নূর হোসেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাকে অব্যাহতি দেয়া হয়।
অপহরণের পর ক্ষুব্ধ নজরুল সমর্থকরা শিমরাইলে নূর হোসেনের কার্যালয় পুড়িয়ে দেয়। লাশ উদ্ধারের পর নূর হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ, উচ্ছেদ করা হয় নদী তীরে তার অবৈধ দখল, তার দোকান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক।
নূর হোসেন ও তার সহযোগীদের ১১টি অস্ত্রের লাইসেন্সও বাতিল করা হয়।
শিমরাইলে ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি নূর হোসেনই নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।
তার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত হাসমত আলী হাসুকে মঙ্গলবার যশোর থেকে গ্রেপ্তার করা হয়। হাসু এই হত্যামামলার ৩ নম্বর আসামি।
নূর হোসেনের সহযোগীর অবৈধ অস্ত্র উদ্ধার
নূর হোসেনের দেহরক্ষী হিসেবে পরিচিত মামুনের একটি হোটেল কক্ষে অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলিভর্তি পয়েন্ট থ্রি টু বোরের দুটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ‘শিমরাইল বোর্ডিং’ এর ১১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মঈনুর রহমান জানিয়েছেন।
তবে মামুনকে পায়নি পুলিশ।
