জলাবদ্ধতায় ‘আত্মসমর্পণ’ চট্টগ্রামের মেয়রের
মৌসুমের প্রথম ভারী বর্ষণে বন্দর নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ার পর চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলম স্বীকার করলেন, জলাবদ্ধতা ঠেকাতে তার গত চার বছরের কাজে ফল আসেনি।
মূলত জলাবদ্ধতা নিরসন করে আধুনিক নগরী গড়ার আশ্বাস দিয়ে ভোটের লড়াইয়ে জিতেছিলেন বিএনপির মনজুর। এরপর তার প্রতিটি বাজেটেই এর উল্লেখ ছিল।
সে অনুযায়ী প্রতিবছর শুষ্ক মৌসুমে খাল-নালা খননের কাজ ঘটা করে করা হলেও রোববার কয়েক ঘণ্টার বর্ষণেই নগরবাসীর দুর্ভোগে পড়তে হয়েছে।
নয় ঘণ্টায় ১১৭ মিলিমিটার বৃষ্টিপাতে ডুবে যায় অনেক সড়ক। অফিসে, স্কুল-কলেজে যেতে সীমাহীন দুর্ভোগে ক্ষোভ ঝরেছে সাধারণ মানুষের কণ্ঠে।
এর পরিপ্রেক্ষিতে মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় বলেন, “প্রতি বছর শুধু খাল-নালার মাটি কেটে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়।”
সমস্যা থেকে উত্তরণে ১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের করা ‘ড্রেনেজ মাস্টার প্ল্যান’ বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন তিনি।
সকালে জলাবদ্ধ এলাকায় গিয়ে নগরবাসীর কাছে দুঃখও প্রকাশ করেন মনজুর। তিনি ৯, ১০, ১১, ১২, ২৩, ২৪, ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে নিজ কার্যালয়ে প্রকৌশলী, বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক মেয়র।
মাটি-আবর্জনা অপসারণের পরও জলাবদ্ধতা হওয়ায় বৈঠকে প্রকৌশলীদের ওপর ক্ষোভ প্রকাশও করেন তিনি।
এরপর দুপুরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন খাল-নালা খনন ছাড়া জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়।
নিয়মিত প্রধান খাল ও নালার মাটি কেটে পানি প্রবাহ সচল রাখার দাবি মেয়র করলেও নগরীতে সরেজমিনে এর সত্যতা মেলেনি।
নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেন, চার বছর আগে দায়িত্ব গ্রহণের পর একটি নতুন খাল খননের প্রস্তাব দেয়া হলেও তা এখনো আটকে আছে পরিকল্পনা মন্ত্রণালয়ে।
বছরের বরাদ্দ দিয়ে জলাবদ্ধতা নিরসনে এর বেশি কিছু করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন একাধিক প্রকৌশলী।
৩ কোটি টাকার মাটি কাটা কর্মসূচি
২০১৪ সালেও খাল-নালার মাটি অপসারণের জন্য ৩ কোটি টাকা খরচ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ কাজে চসিকের নিজস্ব ১১টির সঙ্গে যোগ হয়েছে ১৫টি ভাড়ার এসকেভেটর।
সঙ্গে বিভিন্ন সরু খালের মাটি অপসারণে দুই থেকে তিন সপ্তাহের জন্য শ্রমিক নিয়োগ করা হয় বলে দাবি মেয়রের।
মাটি কাটার দায়িত্বপ্রাপ্ত চসিকের সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি শুষ্ক মৌসুমে নগরীর ১৪টি খাল থেকে ১১ হাজার ট্রাকে মোট প্রায় ৩৭ লাখ ঘনফুট মাটি অপসারণ করা হয়েছে।
নগরীর প্রায় সব প্রধান খাল থেকে মাটি অপসারণ করা হয়েছে বলে দাবি করেন প্রকৌশলী সুদীপ।
কয়েকটি স্থানে খাল ও নালার ভেতর থেকে তোলা মাটি স্তূপ করে রাখা আছে খালের পাশেই।
রোববারের বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, রঙ্গীপাড়া, মুহুরিপাড়া, বেপারি পাড়া, মনসুরাবাদ, হালিশহর, সাগরিকা, বাকলিয়ার বিভিন্ন এলাকা, বাদুরতলা, বহদ্দারহাট, আরাকান সোসাইটি, চান্দাঁও আবাসিক এলাকা, মুরাদপুর মোড়, কাতালগঞ্জ, দুই নম্বর গেট মোড়সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
মুরাদপুর এখনো পানির নিচেই
নগরীর লালখানবাজার এলাকার বাসিন্দা ইউসুফ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলাবদ্ধতা নিরসনের অঙ্গীকার করেই মনজুর আলম মেয়র নির্বাচিত হন।
চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী সুব্রত ধর মিঠু ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে চান্দগাঁও, মুরাদপুর, ষোলশহর এলাকায় মূল সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় অফিসে যেতে পারেননি তিনি।
সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে সিটি মেয়র নগরবাসীর চাহিদা পূরণে ব্যর্থ হয়েছেন বলেও দাবি করেন তিনি।
জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ-হতাশা বাদুরতলা আরাকান সোসাইটির বাসিন্দা সৈয়দ আতিকুর রহমানের কণ্ঠেও।
“অনেক আশা নিয়ে নগরবাসী নতুন মেয়র নির্বাচিত করেছিল জলাবদ্ধতা নিরসন হবে। কিন্তু চট্টগ্রামের কোনো পরিবর্তন হয়নি।”
