২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে বন্দরনগরীতে জলাবদ্ধতা

ভোর থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চল তলিয়ে গেছে, যাতে নগরজুড়ে দেখা দিয়েছে জনদুর্ভোগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 12:56 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

রোববার ভোরে বৃষ্টি শুরুর ঘণ্টাখানেকের মধ্যে নগরীর প্রধান সড়কের পাশাপাশি, গলি, উপগলি পানিতে তলিয়ে যায়।

নগরীর ষোলশহর, চান্দগাঁও, মুরাদপুর, আগ্রাবাদ, হালিশহর, বিবিরহাট, চকবাজারসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে।

ভোর ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত নগরীতে ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে পতেঙ্গা আবহওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন।

আগামী ২৪ ঘণ্টা বন্দরনগরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন।

নগরীতে পানি জমায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বিবিরহাট এলাকার মুদি দোকানি মো. আব্দুল্লাহ জানান, বৃষ্টির পানি তার দোকানে ঢুকে পড়ায় মালামালের ক্ষতি হয়েছে।

জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী মানুষ।

নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তফা নঈম জানান, আবাসিক এলাকার অধিকাংশ সড়ক তলিয়ে গেছে হাঁটু পানিতে। অফিসগামী লোকজন ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।