২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঝুঁকিতে বসবাসকারীদের প্রয়োজনে জোর করা হবে’

ভারী বৃষ্টিপাতে ভূমিধসের ঝুঁকি মাথায় নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা অনুরোধ করা সত্ত্বেও নিরাপদ আশ্রয়ে না গেলে প্রয়োজনে জোর করে সরিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 12:51 AM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার বিকালে নগরীর লালখানবাজার মঝিঝর্ণা এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসের এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের একথা জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

দিনভর বন্দরনগরী চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি চলাকালে বিকালে পরিদর্শনে যান তিনি।

এর আগে সকাল থেকে মতিঝর্ণাসহ নগরীর বিভিন্ন এলাকার পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়স্থলে সরে যাবার অনুরোধ করে মাইকিং করে জেলা প্রশাসন, পুলিশ ও চট্টগ্রাম সিটি করপোরেশন।

পরিদর্শন শেষে মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “লালখান বাজার মতিঝর্ণার পাহাড়ে বসবাসকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। যেকোনো সময় এইসব এলাকায় পাহাড় ধসে মারাত্মক জীবন বিপর্যয় হবে।

“সকাল থেকেই তাদের সরে যাবার জন্য মাইকিংয়ের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তাদের অনুরোধ করা হয়েছে। তাদের আশ্রয়ের জন্য স্থানীয়ভাবে স্কুলও খুলে দেয়া হয়েছে। কিন্তু তাতেও তারা সাড়া দিচ্ছেন না।”

তিনি বলেন, “তাদের বুঝিয়ে সরিয়ে নেয়ার চেষ্টাতে কাজ না হলে প্রয়োজনে জোর করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।”

এতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়া হবে বলেও জানান তিনি।

নগরীর বাইরে জেলার সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ যেসব উপজেলায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস রয়েছে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক মেজবাহ।

গতবারের মতো সরিয়ে নেয়া লোকদের অস্থায়ীভাবে তাঁবুতে আশ্রয়ের সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি জানিয়ে জেলা প্রশাসক বলেন, “আপাতত যেসব এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি রয়েছে সেখানকার স্কুলগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।”

চট্টগ্রামে রোববার ভোর থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়, যা চলে বিকাল পাঁচটা পর্যন্ত।

অতি বৃষ্টিতে নগরীতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ৯টা পর্যন্ত ১৫ ঘন্টায় বন্দরনগরীতে ২৩৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পুরনো খবর:

জলাবদ্ধতায় ‘আত্মসমর্পণ’ চট্টগ্রামের মেয়রের
ভারী বর্ষণে অচল চট্টগ্রাম