২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারী বর্ষণে অচল চট্টগ্রাম

মৌসুমের প্রথম ভারী বর্ষণে অচল হয়ে পড়ে বন্দর নগরী চট্টগ্রামের জীবনযাত্রা। বৃষ্টি আর জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন উচ্চ মাধ্যামিক পরীক্ষার্থী ও অফিসগামী নগরবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 09:33 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার ভোর থেকে শুরু হওয়া বর্ষণের গতি বাড়তে থাকে বেলা বাড়ার সঙ্গে। বিকাল সাড়ে ৪টার দিকে বৃষ্টি থামে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে ২৩৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গোপসাগরে সঞ্চারণশীল মেঘমালার কারণে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

“চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সর্তক সংকেত এবং নদী বন্দরকে দুই নম্বর সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”

বৃষ্টিতে নগরীর ষোলশহর, চান্দগাঁও, মুরাদপুর, আগ্রাবাদ, হালিশহর, বিবিরহাট, চকবাজার, কাতালগঞ্জ,মুরাদপুর, দুই নম্বর গেইট, চান্দগাঁও, বাকলিয়াসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান জলাবদ্ধতা সৃষ্টি হয়।

চকবাজার এলাকার দোকান, কাপাসগোলা এলাকার বাসা-বাড়ি ও আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বিভিন্ন অফিসে পানি ঢুকে পড়ে।

নগরীর দুই নম্বর গেইট ও মুরাদপুর মোড়ে জলাবদ্ধতার কারণে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এসময় অনেক গাড়ি পানিতে আটকা পড়ে। কিছু যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে যায়।

প্রবল বৃষ্টির কারণে সড়কে যান চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়েন পথচারীরা। পানি ডিঙ্গিয়েই পরীক্ষা কেন্দ্রে যান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।

বিবিরহাট এলাকার মুদি দোকানী মো. আব্দুল্লাহ বলেন, “সকাল থেকে টানা বৃষ্টিতে দোকানের ভেতরে পানি ঢুকে পড়েছে। এতে দোকানের বিভিন্ন মালামালের ক্ষতি হয়েছে।”

নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা জ্যেষ্ঠ সাংবাদিক মুস্তফা নঈম জানান, আবাসিক এলাকার অধিকাংশ সড়ক তলিয়ে গেছে হাঁটু পানির নিচে। অফিসগামী লোকজন ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে ভারী বর্ষণের পর জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাইগার পাস, লালখান বাজার মতিঝর্ণা ও আকবর শাহসহ কয়েকটি এলাকার বিভিন্ন পাহাড়ে বসবাসকারী লোকজনকে সরে যেতে অনুরোধ করে মাইকিং করা হয়েছে।