সংঘাতে নিহত আরো ৬
১৮ দলের ডাকা দ্বিতীয় দফা অবরোধের পঞ্চম দিন বুধবারও দেশের বিভিন্ন জেলায় সহিংসতায় প্রাণ হারিয়েছেন ছয়জন।
অবরোধের আগের দিনগুলোর ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে রেলে নাশকতাও অব্যাহত রয়েছে। গাইবান্ধায় লাইনের ফিশপ্লেট খুলে নেয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে মারা গেছেন চারজন।
ফেনীতে পুলিশ ফাঁড়িতে বিএনপির মিছিল থেকে হামলার পর সংঘর্ষে যুবদলের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কিশোরগঞ্জে অবরোধকারীদের ধাওয়ায় ট্রাক উল্টে মারা গেছেন এক চালক।
প্রথম দফা অবরোধের সময় শাহবাগে বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় দগ্ধ ঢাকা কলেজের ছাত্র অহিদুর রহমান বাবু ছয়দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এছাড়া রাজনৈতিক সংঘাতের মধ্যে পাবনা, সাতক্ষীরা ও ময়মনসিংহে খুন হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিনজন।
মঙ্গলবার গভীর রাতে গাইবান্ধায় রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় পদ্মরাগ এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে চারজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হন।
ওই ঘটনার পর থেকে বুধবার মধ্যরাত পর্যন্তও লালমনিরহাট-শান্তাহার রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি কমিটি করেছে রেল বিভাগ, যাদের তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে পশ্চিম রেলেরে লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান।
নির্বাচন নিয়ে রাজনৈতিক বিরোধ অবসানে দুই পক্ষকে সমঝোতার জন্য বিভিন্ন মহল থেকে আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেখা দিচ্ছে না।
বিরোধী দলের দাবি উপেক্ষা করে বুধবার আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে তফসিল অনুযায়ী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার বিকালে ছয় দিন অবরোধের পর আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এর মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গ্রেপ্তার হওয়ার পর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে।
গত সপ্তাহে বিরোধী জোটের অবরোধ কর্মসূচিতে সহিংসতায় অন্তত ২০ জন নিহত হন। এই সপ্তাহের প্রথম পাঁচ দিনে এই সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
ফেনী: শহরে বিএনপির মিছিল থেকে পুলিশ ফাঁড়িতে হামলার পর সংঘর্ষে এক যুবদল নেতা নিহত হন যুবদল নেতা হারুনুর রশীদ হারুন। তিনি সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন যুবদলের সহসভাপতি।
জেলার সহকারী পুলিশ সুপার মো. শামছুল আলম সরকার জানান, বিকালে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পুলিশ ফাঁড়ি এলাকায় হামলা হলে সংঘর্ষে নিহত হন হারুন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে অবরোধকারীরা শহর পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাংচুর চালায়। দুই পুলিশকে গুলি করে ও পিটিয়ে আহত করে। এ সময় আহত হন অন্তত ৩০ জন।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
কিশোরগঞ্জ: অবরোধকারীদের ধাওয়ায় শ্রমিক বহনকারী একটি পিকআপ উল্টে চালক উজ্জ্বল সরকার (৪০) নিহত এবং অন্তত সাতজন আহত হন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল মালেক জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টার দিকে চৌদ্দশত বাজার এলাকা দিয়ে ইটভাটার ১৮ জন শ্রমিক পিকআপে করে ময়মনসিংহের তারাকান্দি থেকে কুমিল্লা যাচ্ছিলেন।
পথে বাজার এলাকায় অবরোধকারীরা পিকআপের দিকে ইট ছুড়তে থাকে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
নিহত ও আহতদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে।
পাবনা: জেলা শহরে যুবলীগকর্মীকে মুনকে (৩২) স্থানীয় আওয়ামী লীগ অফিসের সামনে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাকে বাঁচাতে অন্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ব্যক্তি নিহত শহরের কুটিপাড়ার জালাল উদ্দিনের ছেলে। যুবলীগ এ ঘটনার জন্য যুবদলকে দায়ী করলেও যুবদল তা অস্বীকার করেছে।
সাতক্ষীরা: গত কয়েকদিন ধরে সংঘাতের মধ্যে কালীগঞ্জের শিমলা গ্রামে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে বুধবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন শেখ আলাউদ্দীন খোকন (৭০) নামের এক বৃদ্ধ।
আলাউদ্দীন আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় আওয়ামী লীগ এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করলেও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তারও হয়নি।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত সাতক্ষীরায় আওয়ামী লীগের অন্তত ১১ জন নেতা, কর্মী ও সমর্থক খুন হয়েছেন।
ময়মনসিংহ: জেলা শহরে বিকালে স্বেচ্ছাসেবক লীগের আরমান ইসলাম নামের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে কারা হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরওয়ার জানান, বেলা ৩টার দিকে আরমান বাইরে থেকে গোলাপজান রোডে নিজ বাসায় ফিরছিলেন।
পথে সিদ্দিক মাস্টার রোডে আগে থেকে অবস্থান নেয়া দুর্বৃত্তরা লাঠি ও ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই মৃত্যুর জন্যও বিরোধী জোটকে দায়ী করেছে আওয়ামী লীগ।
