২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ফাঁড়িতে হামলা, সংঘর্ষে যুবদল নেতা নিহত

ফেনী শহরে বিএনপির মিছিল থেকে পুলিশ ফাঁড়িতে হামলার পর সংঘর্ষে এক যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হন অন্তত ৩০ জন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. শামছুল আলম সরকার জানান, বুধবার বিকালে শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কে শহর পুলিশ ফাঁড়ি এলাকায় এ সংঘর্ষে নিহত হারুনুর রশিদ হারুন সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন যুবদলের সহসভাপতি।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।

আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. শামছুল আলম সরকার জানান, বিকাল সাড়ে ৪টার দিকে অবরোধের সমর্থনে জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজি হাবিবুল্লাহ মানিকের নেতৃত্বে বিএনপি ও যুবদল-ছাত্রদলের একটি মিছিল শহরের ওয়াপদা মাঠ থেকে শহিদ শহীদুল্লাহ কায়সার সড়কের ডাক্তার পাড়া মোড়ে পৌঁছে।

মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে শতাধিক ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ অবরোধকারীদের উপর দেড় শতাধিক টিয়ার সেল ও শট গানের গুলি ছোড়ে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে অবরোধকারীরা শহর পুলিশ ফাঁড়িতে ব্যাপক ভাংচুর চালায়। দুই পুলিশকে গুলি করে ও পিটিয়ে আহত করে।

এএসপি আরো বলেন, মিছিলকারীরা ওই সড়কের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাচ ভাংচুর করে। সড়কে টায়ারে আগুন জ্বালায়।

আহতদের মধ্যে শহর পুলিশ ফাঁড়ির তিন সদস্য কনস্টেবল মো. শামছুদ্দিন, মো. মাঈনুদ্দিন, মো. আকতার হোসেনসহ ৮ জন গুলিবিদ্ধ হয়।

সদর হাসপাতালে নেয়ার পর আহতদের মধ্যে হারুনুর রশিদ হারুনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ অবস্থান করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সংঘর্ষে যুবদল নেতা নিহত হওয়ার প্রতিবাদে জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল হবে।