২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা

পাবনা শহরে এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 09:38 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

বুধবার রাতে এ হামলায় নিহত মুন (৩২) শহরের কুটিপাড়া মহল্লার জালাল উদ্দিনের ছেলে।

যুবলীগ এ ঘটনার জন্য যুবদলকে দায়ী করলেও যুবদল তা অস্বীকার করেছে।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওই এলাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে শহরের কুটিপাড়াস্থ স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে বসেছিলেন যুবলীগকর্মী মুন।

এ সময় কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার চেষ্টা করলে হামলাকারীরা ফাঁকা গুলি ও হাতবোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাহিমুল কবিরের দাবি, এই ঘটনায় স্থানীয় যুবদলকর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে।

এ ব্যাপারে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাব্বের হোসেন মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যুবদলের কোনো সংশ্লিষ্টতা নেই। আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের কোন্দলে এ ঘটনা ঘটে থাকতে পারে।