রাজধানীতে বাসে আগুন
অবরোধের পঞ্চম দিনে রাজধানীর নয়াবাজারে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
বংশাল থানার ওসি আবদুল কুদ্দুস ফকির জানান, বুধবার সকাল পৌনে ৯টার দিকে নয়াবাজারের নর্থ-সাউথ রোডের কোরোসিনকাঠ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ইউনাইটেড পরিবহনের ওই বাসের চালক মো. রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে অন্তত ১৫ জন যাত্রী নিয়ে সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিলেন তিনি। পথে তিন যুবক যাত্রীবেশে বাস থামাতে বলে। কিন্তু সন্দেহ হওয়ায় বাস না থামিয়ে তিনি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।
পরিস্থিতি আঁচ করতে পেরে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যায় বলে জানান চালকের সহকারী মো. জহির।
ওসি জানান, ঘটনাস্থল থেকে তারা একটি বোতল উদ্ধার করেছেন যাতে ‘সাদা জেলের মতো’ এক ধরনের দাহ্য পদার্থ ছিল।
“বোতলের অর্ধেক ওই জেলে ভর্তি ছিল। সম্ভবত এই জেলই গাড়িতে ঢালা হয়েছিল।”
ওই জেল রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলে জানান ওসি।
