২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় গভীর রাতে নিজ বাড়িতে খুন হয়েছেন এক মুক্তিযোদ্ধা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

নিহত শেখ আলাউদ্দীন খোকন (৭০) উপজেলার ভাড়া শিমলা গ্রামের বাসিন্দা। এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ।

কালীগঞ্জ থানার ওসি আলী আজম খান জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় আলাউদ্দীনের ওপর হামলা হয়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। বুধবার সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তিনি মারা যান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াহেদুজ্জামান বলেন, আলাউদ্দীন আওয়ামী লীগের সমর্থক ছিলেন। রাতের আঁধারে কুপিয়ে জখম করার পর মৃত ভেবে তাকে বাড়ির পাশের একটি ডোবায় ফেলে যায় হামলাকারীরা।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তারও হয়নি।

যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত জামায়াত অধ্যুষিত সাতক্ষীরায় আওয়ামী লীগের অন্তত ১১ জন নেতা, কর্মী ও সমর্থক খুন হয়েছেন।

এসব হত্যাকাণ্ডের জন্য জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবিরকে দায়ী করছেন আওয়ামী লীগ নেতারা।