চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ে আগুন ধরানোর চেষ্টা
অবরোধে চট্টগ্রামে দিনভর তাণ্ডবের মধ্যে জেলা নির্বাচন কার্যালয়ে আগুন ধরানোর চেষ্টা হয়েছে।
বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর রহমতগঞ্জে অবস্থিত চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে পেট্রলভর্তি বোতলে আগুন ধরিয়ে তা ছুড়ে মারা হয়।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। যারা আগুন দেয়ার চেষ্টা করেছিল, তাদের সনাক্ত করা যায়নি।
নির্দলীয় সরকার না হলে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেয়া বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধের মধ্যে বগুড়ায় নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ হয়।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলের ডাকে অবরোধ চলছে দেশজুড়ে। এর মধ্যে বুধবার চট্টগ্রামে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।
অবরোধে বুধবার চট্টগ্রাম নগরীতে সংঘাতের চিত্র।
প্রত্যক্ষদর্শী একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রহমতগঞ্জ বাংলা কলেজের মোড় থেকে তিন যুবক এসে বোতলে পেট্রোল ভরে আগুন ধরিয়ে নির্বাচন অফিস লক্ষ্য করে ছুড়ে মেরেই পালিয়ে যায়।”
ওই আগুন কার্যালয় ভবনের নিচে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যদের সামনে গিয়ে পড়ে। এসময় পুলিশ কয়েক রাউন্ড গুলিও ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল।
“আমরা ওপরে অফিস করছিলাম। ভবনের সামনের খোলা জায়গায় বিস্ফোরণের মতো শব্দ শুনি। তবে আমাদের অফিসের কোনো ক্ষতি হয়নি।”
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক উৎপল বড়ুয়া জানান, কিছু দুর্বৃত্ত দুটি পেট্রোল বোমাসদৃশ বোমা ছুড়ে মারে। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা গুলি ছোড়ে। কাউকে গ্রেপ্তার করা যায়নি।
