২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নির্বাচন অফিসে হামলা, আগুন

তফসিলের প্রতিবাদে বিরোধীদলের অবরোধের মধ্যে বগুড়া সদর উপজেলা নির্বাচনী কর্মকর্তার কার্যালয় পুড়িয়ে দেয়া হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 01:37 PM

Updated : 25 Apr 2022, 07:35 PM

উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে একদল মুখোশধারী হাতবোমা ফাটিয়ে নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। 

ফায়ার ব্রিগেড কর্মীরা এসে আগুন নেভালেও দপ্তরের নথিপত্র ও আসবাব পুড়ে গেছে বলে জানান তিনি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলী জানান, তিনি ঘটনার সময় উপজেলা ভবনের পশ্চিম দিকের একটি হল ঘরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের নিয়ে সভা করছিলেন। এ সময় হঠাৎ উপজেলা ভবনের পেছন দিয়ে চার-পাঁচজন দুর্বৃত্ত নির্বাচন অফিসে ঢোকে।

মতিউর রহমান বলেন, “মুখোশধারীরা প্রথমে কার্যালয়ের কম্পিউটার কক্ষে আগুন দেয়। পরে আমার কক্ষে ঢুকে মারধর করে বের করে দেয় এবং আগুন লাগিয়ে দেয়।  এ সময় তারা অফিসের ল্যাপটপও ছিনিয়ে নেয়।”

তাদের বাধা দিতে গেলে কার্যালয়ের কম্পিউটার অপারেটর সুলতান মাহমুদও মারধরের শিকার হন বলে জানান নির্বাচনী কর্মকর্তা।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েব আলী জানান, হামলাকারীরা কার্যালয়ের বাইরে একটি মোটরসাইকেলে আগুন দেয় এবং উপজেলা পরিষদের কয়েকটি কক্ষের দরজা-জানালাও ভাংচুর করে।

নির্বাচন কমিশন ৫ জানুয়ারি ভোটের দিন রেখে দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বিএনপি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার সকাল থেকে ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি পালন করছে।

‘একরতফা’ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দেশ অচল করে দেয়া হবে বলে আগেই হুমকি দিয়েছিল বিরোধী দল।