২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহাজারী লাইন সংস্কারের সুপারিশ

কর্ণফুলী নদী সংলগ্ন চট্টগ্রাম-দোহাজারী রেল লাইন তেলবাহী ট্যাংকার চলাচলের জন্য উপযোগী নয় জানিয়ে তা সংস্কার করতে বলেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2013, 09:14 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

প্রায় ৫৯ হাজার লিটার ফার্নেস অয়েল কালুরঘাট সেতুর অন্য প্রান্তের ভান্ডারঝুড়ি খালে পড়ে দূষণের পরিপ্রেক্ষিতে এই সুপারিশ করা হয়।

রোববার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে রেলওয়ে পূর্বাঞ্চল ও দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের প্রতিনিধির উপস্থিতিতে শুনানিতে এই সুপারিশ করা হলেও কাউকে জরিমানা করা হয়নি।

অধিদপ্তরের প্রধান রসায়নবিদ মো. জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় পড়া তেলবাহী ট্যাংকারের তেলে খাল ও আশেপাশের এলাকা দূষিত হয়েছে। এটি দুর্ঘটনা হওয়ায় তাদের সতর্ক করে দিয়ে রেল লাইন সংস্কার এবং তেল পরিবহনের জন্য ‘বটম ডেলিভারি ট্যাং ওয়াগন’ ব্যবহারের জন্য বলা হয়েছে।

তেল দিয়ে ভবিষ্যতে যাতে কোনো দূষণের ঘটনা না ঘটতে পারে, সেজন্য অয়েল-ওয়াটার সেপারেটার ব্যবহারের জন্যও বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকেও বলা হয়েছে।

শুনানিতে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, দোহাজারী রেল লাইন সংস্কারের জন্য একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে, যা আগামী দুই বছরের মধ্যে শেষ হবে।

গত ৩০ জুলাই কালুরঘাট সেতুর অদূরে ভান্ডারঝুড়ি খাল সংলগ্ন এলাকায় দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য বহনকারী নেয়া ফার্নেস অয়েলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়।

এর তিনটি ট্যাংকার পুরোপুরি কাত হয়ে ফার্নেস অয়ের উপচে পড়ে খাল এবং তার মধ্য দিয়ে কর্ণফুলী নদী ও এর আশেপাশেল এলাকা দূষিত করে। এ ঘটনায় অধিদপ্তরের পক্ষ থেকে ১ অগাস্ট রেলওয়ে ও বিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিধিকে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়।

লাইনচ্যুত তিনটি ট্যাংকারে ৮০ হাজার ৪৬৩ লিটার ফার্নেস ওয়েল ছিল। ট্যাংকার তিনটি থেকে ৫৮ হাজার ৯৮২ লিটার তেল ভান্ডারজুড়ি খাল ও এর আশেপাশের এলাকায় পড়ে।

পুরনো খবর:

বিদ্যুৎ কেন্দ্রের তেলে দূষণ কর্ণফুলিতে