২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ কেন্দ্রের তেলে দূষণ কর্ণফুলিতে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট এলাকায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার পর কর্ণফুলি নদী এবং সংলগ্ন খালে ছড়িয়ে পড়ছে বিপুল পরিমাণ ফার্নেস অয়েল।

মিন্টু চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 08:43 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

এতে নদীর পানি দূষিত হচ্ছে। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরও তেলবাহী ট্যাংকার পুরো উদ্ধার না হওয়ায় পরিবেশ বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার দুপুরে তেলবাহী ট্রেনটির ছয়টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এটি দোহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য জ্বালানি তেল নিয়ে যাচ্ছিল।

দুর্ঘটনায় ট্রেনটির তিনটি ট্যাংকার পুরোপুরি উল্টে যায়। ট্যাংকারগুলোর খোলা মুখ দিয়ে ফার্নেস অয়েল সংলগ্ন খালে গড়িয়ে পড়ে। অন্য তিনটি লাইনচ্যুত হলেও সেগুলো থেকে তেল বাইরে পড়েনি।

বুধবার সন্ধ্যা পর্যন্ত ওয়াগনগুলো উদ্ধারে কাজ চলছিল।

হিসেব অনুযায়ী, দুর্ঘটনা কবলিত ট্যাংকার তিনটিতে ৭৫ হাজার লিটারের মতো ফার্নেস অয়েল ছিল, যার অধিকাংশই গড়িয়ে খাল হয়ে কর্ণফুলিতে গিয়ে পড়ছে।

দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টের হিসাব অনুযায়ী, আটটি ট্যাংকারে প্রায় ২০০ মেট্রিক টনের মতো ফার্নেস অয়েল থাকার কথা।

তবে দুটি ট্যাংকার লাইনচ্যুত হয়নি। সেগুলোতে বিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।  

চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের কালুরঘাট রেল সেতু পেরিয়ে বড়–য়াপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উল্টে যাওয়া ট্যাংকার থেকে ফার্নেস অয়েল গড়িয়ে ছন্দা খাল ও কর্ণফুলী নদীর সংযোগস্থলে ছড়িয়ে পড়েছে। পাশের ডোবাগুলোতেও তেল ভাসছে।

স্থানীয়দের খালের পানি থেকে বিভিন্ন উপায়ে তেল সংগ্রহ করে নিয়ে যেতেও দেখা গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফার্নেস অয়েল কর্ণফুলীকে তিনভাবে ক্ষতিগ্রস্ত করবে।

“ফার্নেস অয়েলের টক্সিক পানির সঙ্গে মিশে নদীর খাদ্যচক্র নষ্ট, অক্সিজেন স্বল্পতার সৃষ্টি করে বাস্তুতন্ত্র নষ্ট করবে।”

Image
চট্টগ্রামের দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি তেলবাহী ট্রেন মঙ্গলবার লাইনচ্যুত হয়ে কর্ণফুলি নদীতে তেল ছড়িয়ে পড়লে তা সংগ্রহের চেষ্টায় এলাকাবাসী। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রামের দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি তেলবাহী ট্রেন মঙ্গলবার লাইনচ্যুত হয়ে কর্ণফুলি নদীতে তেল ছড়িয়ে পড়লে তা সংগ্রহের চেষ্টায় এলাকাবাসী। ছবি: সুমন বাবু/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অতিসত্ত্বর নদীর পানিতে ভেসে থাকা ফার্নেস অয়েলের স্তর সরিয়ে ফেলা জরুরি বলে মনে করেন তিনি।  

এদিকে নদীতে তেল ছড়িয়ে পড়ার বিষয়টি জানলেও ঘটনাস্থল পরিদর্শন করেনি পরিবেশ অধিদপ্তরের কোনো কর্মকর্তা।

অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক হারুনুর রশিদ পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জোয়ারের সময় তেল খাল থেকে নদীতে ছড়িয়েছে।

“কাল (বৃহস্পতিবার) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে জানা যাবে, কী পরিমাণ তেল ছড়িয়েছে।”

ওই দুর্ঘটনার পর থেকে চট্টগ্রাম-দোহাজারী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলে বিভাগীয় পরিচালন কর্মকর্তা (ডিটিও) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাইন মেরামত ও রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধার কাজ চলছে।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন জমা দিতে কমিটিকে সাত দিন সময় দেয়া হয়েছে।

কী পরিমাণ তেল গড়িয়ে নদী ও খালে মিশেছে, তা এখনো নিরূপণ করা হয়নি বলে জাকির জানান।

দোহাজারি পিকিং পাওয়ার প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী গোলাম হায়দার তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনা পেট্রোলিয়াম থেকে আটটি ট্যাংকারে ২০০ মেট্রিক টন তেল পরিবহন করা হচ্ছিল। এই পরিমাণ তেলের মূল্য প্রায় ৯০ লাখ টাকা। 

“তবে কী পরিমাণ তেল নষ্ট হয়েছে, তা এখনি বলা সম্ভব নয়।”

প্রতিটি ট্যাংকারে ২৫ হাজার লিটারের মতো ফার্নেস অয়েল থাকার কথা বলে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়।