২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট শেষে ফলের অপেক্ষা

বড় কোনো গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ভোটগ্রহণ।

রিয়াজুল বাশার

আশিক হোসেন ও আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 10:13 AM

Updated : 13 Oct 2022, 02:53 PM

পুরনো খবর:

হার বুঝতে পেরেই বিএনপির অভিযোগ: তোফায়েল
ফল পাল্টানোর ‘নীল নকশা’ দেখছে বিএনপি
অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হয়েছে: ইসি
সংখ্যায় ভোটচিত্র
কার ঘরে যাবে গাজীপুর

রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানান, শনিবার সকাল ৮টা থেকে ৩৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে। ওই সময় পর্যন্ত যারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন, তাদের সবারই ভোট নেয়া হয়েছে।

“সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। ছোটখাট যেসব অভিযোগ এসেছে সেগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে অ্যাকশন নেয়ার মতো বড় কিছু ঘটেনি।”

মতিয়ার রহমান জানান, ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে গণনা শুরু হয়েছে। বঙ্গতাজ কমিউনিটি সেন্টার কাম অডিটোরিয়ামে এ নির্বাচনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা করা হবে।

‘৬০ শতাংশের মতো ভোট’

বেলা ৩ টা ১০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান নির্বাচন কমিশনে যে প্রতিবেদন পাঠান, তাতে ওই সময় পর্যন্ত ৫৮ শতাংশের বেশি ভোট পড়ার কথা বলা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উৎসাহব্যাঞ্জক বলেও উল্লেখ করা হয়েছে এতে।

প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের প্রথম ৪ ঘণ্টায় গড়ে ৮-৯ শতাংশ হারে ভোট পড়েছে। সে হিসাবে সবশেষে ৬৫ শতাংশ ভোট পড়তে পারে।

আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় এ সিটি কর্পোরেশনে ভোটার ছিলেন সোয়া ১০ লাখ।

‘শতভাগ আশাবাদী’

মেয়র পদে প্রার্থী সাতজন হলেও মূল আলোচনা আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লা খান ও বিএনপি সমর্থিত এম এ মান্নানকে নিয়েই। তারা দুজনেই জয়ের ব্যাপারে ‘শতভাগ আশাবাদী’ বলে জানিয়েছেন।

সকালে টঙ্গীর লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্রে ভোট দিয়ে আজমত সাংবাদিকদের বলেন, “আমি নির্বাচনে দাঁড়িয়েছি জনগণের জন্য। নির্বাচনে জয়ী হতে পারলে আমি জনগণের জন্যই কাজ করব। তবে জনগণ যাকেই নির্বাচিত করুক, আমি তা অবনত মস্তকে মেনে নেব।”

অন্যদিকে সালনা সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে মান্নান বলেছেন, “আমি মনে করি, নির্বাচন সুষ্ঠু হলে অবাধ হলে আমি একশ ভাগ আশাবাদী। বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়ী হব, টেলিভিশন জয়ী হবে ইনশাল্লাহ।” 

তবে নির্বাচন শেষ পর্যন্ত সুষ্ঠু হবে কি না তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন সে সময়।

সাবেক এই সাংসদ বলেন, “সরকারি দলের লোকজন গত কয়েকদিনে এখানে এসে যে কর্মকাণ্ড ঘটিয়েছে, যে প্রভাব রেখেছে, তাতে নির্বাচন অবাধ হবে কি না তা নিয়ে সংশয় আছে।” 

বিকালে তিনি সাংবাদিকদের বলেন, সকালের দিকে ‘মোটামুটি’ ভোট চললেও দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে তার কর্মীদের বাঁধা দেয়া হয়েছে।

১৯৯৫ সাল থেকে টঙ্গী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসা আজমত সিটি নির্বাচনে লড়েন দোয়াত-কলম প্রতীক নিয়ে। আর ১৯৯১ সালে গাজীপুর সদর থেকে সাংসদ নির্বাচিত হয়ে বিএনপি সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা মান্নানের প্রতীক টেলিভিশন।

এ ছাড়া আমান উল্লাহ তালা প্রতীক, ডা. নাজিম উদ্দিন আহমেদ ঘোড়া নিয়ে, মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল হাঁস নিয়ে, রিনা সুলতানা প্রজাপতি এবং জাহাঙ্গীর আলম আনারস প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করেন।

গাজীপুরের ৫৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত ১৯ কাউন্সিলর পদে ১২৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্থানীয় নির্বাচনে জাতীয় উত্তাপ

গত মাসে চার সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ের পর গাজীপুর নির্বাচনকেও যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেন ১৮ দলীয় জোট নেতারা। জাতীয় নির্বাচন সামনে রেখে গাজীপুরে জয়ের মধ্য দিয়ে তারা নিজেদের অবস্থান আরো শক্ত করে নিতে চান। 

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগও গাজীপুরে দীর্ঘদিনের অবস্থান ধরে রাখতে মরিয়া। বিগত পৌরসভা ও সংসদীয় নির্বাচনগুলোতে গাজীপুরে জয় পেয়ে এসেছেন আওয়ামী লীগ নেতারা। আর গাজীপুর নির্বাচন নিয়ে শুরু থেকে দ্যোদুল্যমান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শেষ মুহূর্তে ১৪ দল সমর্থিত প্রার্থীকে সমর্থন দেয়ায় আওয়ামী লীগ ছিল অনেকটাই আত্মবিশ্বাসী।

স্থানীয় নির্বাচনের এই রাজনৈতিক মেরুকরণের ফলে গাজীপুরের ভোটের উত্তাপ পুরো দেশকেই ছুঁয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের দুপুরে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দল সমর্থকরা ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীর সমর্থকদের হয়রানি করছে।

তিনি বলেন, “সরকার গাজীপুর নির্বাচনে জনমতকে বদলে দেয়ার নীল নকশার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নির্বাচনে কোনো কারচুপি হলে- তার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে।”

জবাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ ধানমন্ডিতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যই প্রমাণ করে যে তাদের প্রার্থী হেরে যাবে।

“তাদের (বিএনপি) বক্তব্য থেকেই প্রতীয়মাণ হচ্ছে, বিএনপি হেরে যাচ্ছে। তাদের কথাবার্তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাদের কথায় ভোটাররাই ভাবছে যে তাদের প্রার্থী হেরে যাচ্ছে।”

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ হয়েছে দাবি করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “সত্য আড়াল করতে বিএনপি সিদ্ধহস্ত।”

ইসির জবাব

বিএনপির অভিযোগের জবাবে নির্বাচন কমিশন বলেছে, গাজীপুরের কোথাও বড় কোনো গোলযোগ হয়নি। দীর্ঘ লাইন দিয়ে উৎসাহের সঙ্গেই ভোট দিয়েছেন ভোটাররা।

বিএনপির অভিযোগগুলো খতিয়ে দেখে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নিয়েছেন বলেও জানিয়েছেন কমিশন সচিব মোহাম্মদ সাদিক।

দুপুরে কমিশন কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “দুটি অভিযোগের সত্যতা পেয়েছেন রিটার্নিং কর্মকর্তা- একজন ভোটার ভোট দেওয়ার সময় ব্যালট পেপার ছিঁড়ে যায়। ওই ভোটটি বাতিল করে পরে আবার তাকে ব্যালট দিয়ে ভোট নেওয়া হয়।”

আর সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার না হওয়ায় আরেক কেন্দ্রে একজন কাউন্সিলরের এজেন্টকে বের করে দেয়া হয়। ওই এজেন্ট ৪৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়ে ৫১ ন্বর ওয়ার্ডে এজেন্ট হয়েছিলেন বলে সচিব জানান।

‘মৃদু উত্তেজনা’

ভোটের দুপুরে জেলা প্রশাসন ভবনের কাছে রানী বিলাস মনী সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকায় আজমত ও মান্নান সমর্থকরা মিছিল করলে কয়েক দফা উত্তেজনার সৃষ্টি হয়। তবে কোনো গোলযোগ ঘটার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মান্নান ওই এলাকায় পৌঁছালে ‘মোবাইল কোর্ট এসেছে’ এমন গুঞ্জন শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যই মৃদু উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে র‌্যাব ও বিজিবির সদস্যরা দুই পক্ষকে আলাদা করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

এছাড়া গাজীপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে হাতাহাতির খবর পাওয়া গেলেও পুলিশ বলেছে, পুলিশ বলছে বিষয়টিচ তেমন কিছু নয়। 

র‌্যাব-১ এর অধিনায়ক কিসমৎ হায়াত, জয়দেবপুর থানার উপ পরিদর্শক শাহাদাৎ হোসেন খান ও টঙ্গীর উপ পরিদর্শক মুনীর হোসেন জানান, ভোট চলাকালে নির্বাচনী আইন লংঘনের অভিযোগে তারা কাউকে আটক করেননি।

তবে ভোটের সকালে ‘টাকা ছড়ানোর’ অভিযোগে গাজীপুরে জামায়াতে ইসলামীর এক কর্মীসহ চারজনকে আটক করে পুলিশ।

এসআই শাহদাত জানান, আটক চার জনের মধ্যে আসাদুজ্জামান, ফারুক হোসেন ও মোহাম্মদ শাহীন নামের তিন জনের কাছে ১০ হাজার টাকা এবং হুমায়ুন কবির নামের এক জামায়াত কর্মীর কাছে দুই লাখ টাকা পাওয়া গেছে।

এছাড়া নির্বাচনের আগের রাতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক পুলিশসহ ১৩ জনকে আটক করে র‌্যাব।

কিসমত হায়াৎ জানান, শুক্রবার গভীর রাতে ২০ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় প্রচারপত্র বিতরণ ও ভোটারদের মধ্যে ‘ত্রাস’ সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা ওই এলাকায় হিন্দু ভোটারদের কেন্দ্রে না যেতে ভয়-ভীতি দেখাচ্ছিলেন বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

ভোটারদের উচ্ছ্বাস

নতুন এ সিটি কর্পোরেশনের প্রথম ভোট বলে গাজীপুরের সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল সাড়ে ৭টার পর থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের জড়ো হতে দেখা যায়, তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারও ছিলেন।

ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার শাহানা সুলতানা বলেন, “অনেকদিন পরে ভোট দিতে আসলাম। আনন্দই লাগছে।”

ভোরেই ঘরের কাজ গুছিয়ে সকাল ৭টায় ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।

একই কেন্দ্রে ভোট দিচ্ছেন স্থানীয় বাসিন্দা জাকির হোসেন। তিনি বলেন, “আমার ভোট যাতে অন্য কেউ দিতে না পারে সেজন্য আগেভাগেই কেন্দ্রে চলে এসেছি।”

নির্বিঘ্নে ভোট অনুষ্ঠানে নির্বাচনী এলাকায় শুক্রবার থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর ১১ হাজারেরও বেশি সদস্যকে মোতায়েন করা হয়। ভোটের দায়িত্বে রয়েছেন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সাত হাজারেরও বেশি কর্মকর্তা।

শনিবার নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়। নির্বাচনের কারণে বন্ধ রাখা হয় সিটি কর্পোরেশন এলাকার সব পোশাক কারখানা।