কার ঘরে যাবে গাজীপুর
পাল্টাপাল্টি অভিযোগ আর নানা নাটকীয়তার পর গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম ভোট চলছে শনিবার, জাতীয় নির্বাচন সামনে রেখে যা পরিণত হয়েছে প্রধান দুই রাজনৈতিক দলের মর্যাদার লড়াইয়ে।
আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় এ সিটি কর্পোরেশনের সোয়া ১০ লাখ ভোটার সাতজন প্রার্থীর মধ্যে থেকে তাদের প্রথম মেয়র বেছে নিচ্ছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।
বিশ দিন আগে চার সিটি কর্পোরেশনে বিএনপি সমর্থিত প্রার্থীদের জয়ের পর গাজীপুর নির্বাচন নিয়েও আত্মবিশ্বাসী ১৮ দলীয় জোট নেতারা। জাতীয় নির্বাচন সামনে রেখে গাজীপুরে জয়ের মধ্য দিয়ে তারা নিজেদের অবস্থান আরো শক্ত করে নিতে চান।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগও গাজীপুরে দীর্ঘদিনের অবস্থান ধরে রাখতে মরিয়া। বিগত পৌরসভা ও সংসদীয় নির্বাচনগুলোতে গাজীপুরে জয় পেয়ে আসছেন আওয়ামী লীগ নেতারা। আর গাজীপুর নির্বাচন নিয়ে শুরু থেকে দোদুল্যমান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও শেষ মুহূর্তে ১৪ দল সমর্থিত প্রার্থীকে সমর্থন দেয়ায় আওয়ামী লীগ অনেকটাই আত্মবিশ্বাসী।
এমন রাজনৈতিক মেরুকরণের ফলে মেয়র পদের ছয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লা খান ও বিএনপি সমর্থিত এম এ মান্নানকে নিয়েই মূল আলোচনা। জয়ের ব্যাপারে পুরো মাত্রায় আশাবাদী থাকার কথা বলেছেন দুজনেই।
এর মধ্যে কেবল রংপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দল সমর্থিতরা। আর গত ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটিতে যে ভোট হয়, তাতে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।
সরকারের মেয়াদের বাকি পাঁচ মাসে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোট না হলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের আর বড় কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই।
গাজীপুর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানিয়েছেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি তারা নিয়েছেন। ৩৯২টি ভোট কেন্দ্রে শুক্রবারই ভোটের সরঞ্জাম পৌঁছে দেয়া হয়েছে। নির্বিঘ্নে ভোট অনুষ্ঠানে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ১১ হাজারেরও বেশি সদস্য।
আগের নির্বাচনগুলোর মতো এবারো বিএনপি সরকারের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এবং কারচুপির আগাম আশঙ্কা প্রকাশ করে সেনা মোতায়েনের দাবি জানালেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি গাজীপুরে হয়নি। সবকিছু মিলিয়ে গাজীপুরে নির্বাচনের ‘ইতিবাচক’ পরিবেশ রয়েছে বলেই তিনি মনে করছেন।
শনিবার নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের কারণে বন্ধ রাখা হয়েছে সিটি কর্পোরেশন এলাকার সব পোশাক কারখানা।
কার কোন প্রতীক
১৯৯৫ সাল থেকে টঙ্গী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করে আসা আজমত সিটি নির্বাচনে লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। আর ১৯৯১ সালে গাজীপুর সদর থেকে সাংসদ নির্বাচিত হয়ে বিএনপি সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা মান্নানের প্রতীক টেলিভিশন।
এছাড়া আমান উল্লাহ তালা প্রতীক, ডা. নাজিম উদ্দিন আহমেদ ঘোড়া নিয়ে, মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেল হাঁস নিয়ে, রিনা সুলতানা প্রজাপতি এবং জাহাঙ্গীর আলম আনারস প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।
গাজীপুরের ৫৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত ১৯ কাউন্সিলর পদে ১২৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ সাত হাজারেরও বেশি নির্বাচনী কর্মকর্তা গাজীপুরে ভোটের দায়িত্বে রয়েছেন।
জাহাঙ্গীরের থাকা-না থাকা
সংবাদ সম্মেলনে গাজীপুরের আলোচিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। রোববার প্রকাশ্যে এসে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দল সমর্থিত আজমত উল্লাকে সমর্থন দেয়ার কথা জানান।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এই নেতা গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে আনারস প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে প্রচারণা চালান তিনি। এর মাঝে কয়েকদিন ‘অন্তরালে’ থাকার পর সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি, ওই সময় প্রকাশ্যে কেঁদেও ফেলেন।
তবে নির্বাচনের নিয়ম অনুযায়ী, জাহাঙ্গীরের আনারস প্রতীকও ব্যালটে থাকছে। নির্বাচনী প্রচারের মধ্যে নানা জায়গায়ই শোনা গেছে জাহাঙ্গীরের নাম।
জাহাঙ্গীরের এই সিদ্ধান্তের কারণে প্রথম দিকে তার সমর্থকদের মধ্যে হতাশা দেখা যায়। বিএনপি সমর্থিত মান্নানের সমর্থকরা ক্ষমতাসীনদের এই বিভাজনকে কাজে লাগানোরও চেষ্টা করে। তবে প্রচারের শেষ দিকে আলোচনার কেন্দ্রে চলে আসে সমর্থনের বিষয়টি ঝুলিয়ে রাখা এইচ এম এরশাদ।
এরশাদের ‘সমর্থন নাটক’
ফাইল ছবি
এরপর এরশাদের সঙ্গে দেখা করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান। এরশাদের সঙ্গে দেখা করে বেরিয়ে মান্নান সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান তাকে সমর্থন দিয়েছেন।
এদিকে গাজীপুরে জাতীয় পার্টি নেতা-কর্মীদের মধ্যে সমর্থন দেয়া নিয়ে দ্বিধাবিভক্তি দেখা যায়। কেউ আজমতের হয়ে প্রচারে নামেন, কেউ নামেন মান্নানের পক্ষে।
এই অবস্থায় গত বুধবার এক বিবৃতিতে জাতীয় পার্টি জানায়, দুই প্রার্থী দোয়া ও সমর্থন চাইতে এলেও এরশাদ কাউকে সমর্থন দেননি। আর কেন্দ্রের নির্দেশ ছাড়া কেউ জাতীয় পার্টির নামে কোনো প্রার্থীর পক্ষে সমর্থনের ঘোষণা দেয়ার অধিকার রাখে না।
ভোটগ্রহণের দুদিন আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আজমত উল্লাকে সমর্থন দেয়ার ‘নাটকীয়’ সিদ্ধান্ত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, “গাজীপুর সিটি কর্পোরেশন ইলেকশনকে কেন্দ্র করে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে। অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন জাতীয় পার্টি মহাজোট সমর্থিত প্রার্থীকে সমর্থন করবে, আবার কেউ বলছে ১৮ দলীয় জোট সমর্থিত প্রাথীকে সমর্থন করবে।”
“এখন আমি আমার পজিশন স্পষ্ট করছি। জাতীয় পার্টি এখনো মহাজোটে আছে, যেহেতু আজমত মহাজোট সমর্থিত প্রার্থী, তাই আমরা আজমতকেই সমর্থন করব।”
অবশ্য এরপরও বিএনপি সমর্থিত প্রার্থী এম এ মান্নানের পক্ষে প্রচারে দেখা গেছে জাতীয় পার্টির স্থানীয় অনেক নেতাকে। জেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদ হাসান বলেছেন, এরশাদ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলেছেন।
হজ কেলেঙ্কারি-হেফাজত ইস্যু
সরকারি দলের নেতাদের অভিযোগ, ভোটের বৈতরণী পার হওয়ার জন্য বিএনপি ও তার জোট জোটসঙ্গীরা হেফাজতে ইসলামকে ইস্যু হিসেবে ব্যবহার করেছে। মান্নান নিজেও বলেছেন, হেফাজতের ঘটনা দেশের মানুষকে একটি ‘ঝাঁকুনি’ দিয়েছে। এ কারণে ‘ক্ষোভ থেকে’ মানুষ সরকারের পক্ষে প্রার্থীকে ভোট দেবে না।
হেফাজতকর্মীদেরও মান্নানের পক্ষে প্রচার চালাতে দেখা গেছে বিভিন্ন এলাকায়।
গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে দেখা গেছে, মান্নান জিতবে বলে যারা দাবি করছেন, তারা কারণ হিসেবে হেফাজত ইস্যু এবং জাতীয় রাজনীতিকেই প্রধান করে দেখছেন।
হেফাজতের ধর্মীয় ইস্যুকে মোকাবেলা করতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমত উল্লার কর্মীরাও এনেছেন ধর্মীয় ইস্যু। প্রায় দুই দশক আগে এমএ মান্নান ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে হজের বাড়ি ভাড়া নিয়ে কেলেঙ্কারিকে কাজে লাগাতে চেয়েছেন তারা।
নির্বাচনের কয়েক দিন আগে কর ফাঁকির অভিযোগে মান্নানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের খবরও ভোটের মাঠে আলোচনার ঝড় তোলে।
শ্রমিকের ভোট
শেষ পর্যন্ত তিন থেকে সাড়ে তিন লাখ পোশাক শ্রমিকের ভোট শ্রমঘন এ সিটি কর্পোরেশনের নিবাচনে গাজীপুরের নির্বাচনের একটি বড় নিয়ামক হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। প্রচারণার শেষ দিন বুধবার এই শ্রমিকদের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দিতে দেখা যায় প্রধান দুই প্রার্থীকে।
বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা শ্রমিকদের সঙ্গে হাত মিলিয়েছেন, চেয়েছেন ভোট আর দোয়া। তাদের নির্বাচনী ইশতেহারেও বেশ কিছু প্রতিশ্রুতি রয়েছে এই শ্রমিকদের ঘিরে।
