২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যায় ভোটচিত্র

আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরের প্রথম নির্বাচন চলছে শনিবার, যাতে ভোট দিচ্ছেন সোয়া দশ লাখ ভোটার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2013, 05:37 PM

Updated : 13 Oct 2022, 02:53 PM

# ৩৩০ বর্গকিলোমিটার আয়তনের এই সিটির ৩৯২টি ভোট কেন্দ্রের ২ হাজার ২৮৯টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

# ক্ষমতাসীন ও বিরোধী দল সমর্থক দুই প্রার্থীসহ মোট সাতজন গাজীপুরের মেয়র হওয়ার লড়াইয়ে আছেন। 

এছাড়া ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত ১৯ কাউন্সিলর পদে ১২৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

# এই সিটির ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন ভোটারের মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ১৬১ নারী এবং ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন পুরুষ।

# রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমানের নেতৃত্বে সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার মিলিয়ে মোট সাত হাজার ২৫৯ জন কর্মী গাজীপুরে ভোটের দায়িত্বে রয়েছেন।

# দেশি-বিদেশি ১১ শ পর্যবেক্ষক এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এছাড়া নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষকরাও থাকবেন।

# শনিবার নির্বাচনী এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের কারণে বন্ধ রাখা হয়েছে সিটি কর্পোরেশন এলাকার সব পোশাক কারখানা।

  কার কোন প্রতীক

# আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।

# বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় চোট সমর্থিত প্রার্থী এম এ মান্নানের প্রতীক টেলিভিশন।

# সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলমের প্রতীক আনারস।

# মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মো. মেজবাহ উদ্দিন সরকার রুবেলের প্রতীক হাঁস

# স্বতন্ত্র মো. আমান উল্লাহ লড়ছেন তালা প্রতীকে।

# স্বতন্ত্র রীণা সুলতানার নির্বাচনী প্রতীক প্রজাপতি।

# সম্মিলিত  নাগরিক সমাজের ব্যানারে ডা. নাজিম উদ্দিন আহমেদ লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে।

আইন শৃঙ্খলা

# নির্বিঘ্নে ভোট অনুষ্ঠানে গাজীপুরে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ১১ হাজারেরও বেশি সদস্য।

# এই সিটির ‘সাধারণ’ ভোট কেন্দ্রগুলোতে ২২ জন করে এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েন থাকবেন।

# মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য পুলিশ, এপিবিএন, র‌্যাব, কোস্ট গার্ড, ব্যাটালিয়ান আনসার ও বিজিবি মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ১১ হাজারেরও বেশি  সদস্যকে মোতায়েন করা হয়েছে এ সিটিতে।

# প্রতি ওয়ার্ডের জন্য একটি করে মোবাইল ফোর্স ও তিনটি ওয়ার্ডের জন্য একটি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে।

# পুলিশ, এপিবিএন এর ৫৭টি মোবাইল এবং ১৯টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে শহরে।

# আর ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় টহলে থাকবেন বলে জানিয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান।

  দেশের একাদশ সিটি

# চলতি বছরের ৭ জানুয়ারি টঙ্গী ও গাজীপুর পৌরসভাসহ প্রায় ৩৩০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। এরপর ১৬ জানুয়ারি দেশের একাদশ সিটি করপোরেশন হিসেবে গাজীপুরের নাম ঘোষণা করা হয়।

# গত ২২ মে এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৬ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয় এবং ৯ ও ১০ জুন বাছাইয়ের পর ১৭ জুন পর্যন্ত প্রার্থীতা প্রতাহারের সুযোগ দেয়া হয়।