ফল পাল্টানোর ‘নীল নকশা’ দেখছে বিএনপি
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ফলাফল পাল্টানোর ‘নীল নকশা’ চলছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে অভিযোগের পক্ষে বিভিন্ন কেন্দ্রে ‘ধীর গতিতে’ ভোটগ্রহণসহ নানা ধরনের অনিয়মের কথা তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে এসব অভিযোগের বিষয়ে জানাতে এমকে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দেখা করে।
দুপুর ১২টায় দলের নয়া পল্টনের কার্যালয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “সরকার গাজীপুর নির্বাচনে জনমতকে বদলিয়ে দেয়ার নীল নকশার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নির্বাচনে কোনো কারচুপি হলে- তার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে।”
ফাইল ছবি
তিনি বলেন, “আমরা খবর পেয়েছি, বিভিন্ন কেন্দ্রে ধীর গতিতে ভোট নেয়া হচ্ছে।”
২৬ নং ওয়ার্ডের ১৫৯ নং কেন্দ্র, ২৮ নং ওয়ার্ডের ১৭৫ নং ও ১৭৬ নং কেন্দ্রের কথা তুলে ধরেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, “বিভিন্ন কেন্দ্রে সরকারের নিয়োজিত লোকজন ব্যালট পেপারে সিল মেরে ভোট দিচ্ছে। ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে।”
গাজীপুর নির্বাচনে ফলাফল বদলের চেষ্টা হলে সরকারের ‘মৃত্যুঘণ্টা’ বাজবে বলে হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
তিনি বলেন, “আমি সেখানে টেলিভিশন প্রতীকের পক্ষে যে গণজোয়ার দেখেছি, আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানের বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা আশাবাদী ন্যূনতম নিরপেক্ষ নির্বাচন হলে টেলিভিশন প্রার্থী এক থেকে দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হবে।”
ফখরুল বলেন, “গাছা মহিলা হাইস্কুল কেন্দ্রে (নং-২২০) মহিলা এজেন্টদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। টেলিভিশন প্রতীকের এজেন্ট এই কেন্দ্রের বাইরে একঘণ্টা দাঁড়িয়ে ছিলেন।
“গাছার ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডে বহিরাগত যুবলীগের ক্যাডাররা তিনটি মাইক্রোবাসে অবস্থান নিয়েছে। ৫১ নম্বর ওয়ার্ডের ৩৪৭ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ইসমাইল হোসেন টেলিভিশন প্রতীকের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন না।’’
পশ্চিম জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং ও পোলিং অফিসাররা ইচ্ছাকৃতভাবে ভোটগ্রহণে বিলম্ব করছেন বলে অভিযোগ করেন তিনি।
ব্যালট পেপার ছিঁড়ে তা সরবারহের অভিযোগ করে ফখরুল বলেন, “প্রগতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ব্যালট পেপার ছিঁড়ে দেয়া হচ্ছে, যাতে গণনার সময়ে তা বাতিল হয়ে যায়।”
৪১ নম্বর ওয়ার্ডের ২৪৯ নম্বর কেন্দ্রের ৭ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক বাশার নিজে সিল মেরে ভোট দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো অভিযোগ করেন, শুক্রবার রাতে গাজীপুরের ইছালী ও লোহাকৈই এলাকায় ক্ষমতাসীন দলের লোকজন ও পুলিশ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেছেন।
নির্বাচনের সকালে ২০ নম্বর ওয়ার্ডের মজলিসপুর কেন্দ্রের প্রধান দায়িত্বপ্রাপ্ত শুকুর আলীকে সাদা পোষাকধারী পুলিশ গ্রেপ্তার করে বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব।
তার কাছে ওই কেন্দ্রের এজেন্টদের ফরমসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকায় কেন্দ্রটির কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয় বলেও জানান তিনি।
সংবাদ ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সদস্য সচিব আবদুস সালাম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন ও ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।
বেলা দুই টার পর দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।
তারা গাজীপুরের ভোট নিয়ে সিইসির কাছে ‘সুনির্দিষ্ট’ কিছু অভিযোগ তুলে ধরেন।
২৪৯ নম্বর কেন্দ্রে বাশার নামে পুলিশের একজন উপ-পরিদর্শকের ব্যালটে সিল মারা ও সরকারি কলেজ কেন্দ্রে একজন মহিলার ৩৬টি ভোট দেয়ার অভিযোগ এবং বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচন সমন্বয়ক শুকুর আলীকে পুলিশের আটক করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সিইসিকে জানান এম কে আনোয়ার।
তিনি বলেন, “এখন আর ফল বদলানোর পরিস্থিতি নেই। সরকার যদি সে চেষ্টা করে তাহলে যে অবর্ণনীয় পরিস্থিতি সৃষ্টি হবে এর দায় সরকার ও ইসিকে নিতে হবে।”
এর আগে ইসি সচিব মোহাম্মদ সাদিক বলেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যেসব অভিযোগ আসছে তা খতিয়ে দেখে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নিচ্ছে।
গত চার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি তিন দফা ইসিতে অভিযোগ নিয়ে এলেও শনিবারই প্রথম গাজীপুর নিয়ে ইসিতে অভিযোগ করলো তারা।
