অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হয়েছে: ইসি
গাজীপুরে শান্তিপূর্ণ ভোট চলছে জানিয়ে নির্বাচন কমিশন বলেছে, বিএনপি ভোট নিয়ে যেসব অভিযোগ এনেছে, তা খতিয়ে দেখে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নিয়েছেন।
শনিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ভোট গ্রহণ শুর হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বেলা সাড়ে ১২টায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক কমিশন কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
তিনি বলেন, “কোথাও কোনো গোলযোগ হয়নি। দীর্ঘ লাইন নিয়ে বেশ উৎসাহেই ভোটারদের উপস্থিতি রয়েছে।”
নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তোলা অভিযোগের বিষয়ে কমিশন সচিব বলেন, যে ক’টি অভিযোগ এসেছে তার সত্যতা পর্যালোচনা করে ব্যবস্থা নেয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীর সমর্থকদের হয়রানির অভিযোগ আনেন আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দল সমর্থকদের বিরুদ্ধে।
এ বিষয়ে ইসি সচিব বলেন, কিছু অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন।
“দুটি অভিযোগের সত্যতা পেয়েছেন রিটার্নিং কর্মকর্তা- একজন ভোটার ভোট দেওয়ার সময় ব্যালট পেপার ছিঁড়ে যায়। ওই ভোটটি বাতিল করে পরে আবার তাকে ব্যালট দিয়ে ভোট নেওয়া হয়।”
আর সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার না হওয়ায় আরেক কেন্দ্রে একজন কাউন্সিলরের এজেন্টকে বের করে দেয়া হয়। ওই এজেন্ট ৪৯ নম্বর ওয়ার্ডের ভোটার হয়ে ৫১ ন্বর ওয়ার্ডে এজেন্ট হয়েছিলেন বলে সচিব জানান।
ধীর গতিতে ভোট নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আবহাওয়া ভালো থাকায় উপস্থিতি ভালো হয়েছে। একই স্থাপনায় কয়েকটি কেন্দ্র হওয়ায় লাইনও দীর্ঘ হয়েছে। তবে পর্যাপ্ত ভোট কক্ষ থাকায় এ নিয়ে সমস্যা হয়নি।”
রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানিয়েছেন, বেলা ১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে।
ওই সময় পর্যন্ত কোথাও বড় কোনো গোলযোগ ঘটেনি জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সামান্য সমস্যা কিছু কিছু হয়েই থাকে। তবে অ্যাকশন নেয়ার মতো কিছু এখনো হয়নি।”
গত চার সিটি কর্পোরেশন নির্বাচনের সময় দুপুরের আগে কশিমনাররা ইসিতে না এলেও শনিবার সকালেই কমিশনে আসেন সবাই। তবে দুপুর পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল কমিশনে অভিযোগ নিয়ে আসেননি।
গাজীপুরের ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন ভোটারের মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ১৬১ নারী এবং ৫ লাখ ২৭ হাজার ৭৭৭ জন পুরুষ।
ক্ষমতাসীন ও বিরোধী দল সমর্থিত দুই প্রার্থীসহ মোট সাতজন গাজীপুরের মেয়র হওয়ার লড়াইয়ে আছেন।
এছাড়া ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫৬ জন এবং সংরক্ষিত ১৯ কাউন্সিলর পদে ১২৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
