২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের ঘোষণা গণজাগরণ মঞ্চের

হেফাজতে ইসলামের কর্মসূচির সময় হরতালের পর এবার অবরোধের কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার রাতে শাহবাগে এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচিতে সমর্থন দিতে সড়ক, নৌ ও রেলপথ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গণজাগরণবিরোধী হেফাজতে ইসলাম শুক্রবার চট্টগ্রাম থেকে লংমার্চ শুরু করবে। পরদিন শনিবার ঢাকার মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ কর্মসূচি রয়েছে তাদের।

হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে, যাতে সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলো।

এরপর ২২ ঘণ্টা অবরোধের ডাক দিল শাহবাগের গণজাগরণ মঞ্চ, শনিবার বিকালে সমাবেশের কর্মসূচিও রয়েছে তাদের।

অবরোধ সফল করতে মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান ইমরান।

“বাস মালিক-শ্রমিক, রেল শ্রমিক-কর্মকর্তা এবং লঞ্চ ঘাটের মালিক- শ্রমিকদের প্রতি আহ্বান, আপনারা যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন, তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা গণজাগরণ মঞ্চের কর্মসূচি সফল করতে উদ্যোগ নিন।”

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া গণজাগরণ মঞ্চের আগের কর্মসূচিগুলোতে জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণ দেখা গিয়েছিল।

শাহবাগের এই আন্দোলনকারীদের সমালোচনা করে মাঠে নামে চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলাম, যাদের বিরুদ্ধে জামায়াতঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে।

গত মাসে চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ ডাকা হলে তা প্রতিহতের ঘোষণা দিয়ে হরতাল ডাকে হেফাজত। মঞ্চের আন্দোলনকারীরা আলোচনার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে সংগঠনটির নেতারা।

শাহবাগের আন্দোলনকারীদের ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তাদের শাস্তির দাবিতে লংমার্চ করছে হেফাজত।

হেফাজতের এই আন্দোলনে বিএনপি ও জামায়াত সমর্থন দিয়েছে। লংমার্চ প্রত্যাহারের জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি সংগঠনটি।

এদিকে হেফাজত দাবি তোলার পর আসিফ মহীউদ্দিনসহ চার ব্লগারকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে ইন্টারনেটে লেখালেখির জন্য গ্রেপ্তার করেছে সরকার।

সরকারের এই পদক্ষেপ মৌলবাদীদের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে দেখছে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাসহ ছয় দাবিতে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার পর রাতে অবরোধের কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।

শাহবাগ থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখী মিছিলে গ্রেপ্তার ব্লগারদের মুক্তির দাবিতে স্লোগানও দেয়া হয়।

ফার্মগেইট এলাকায় মিছিল পুলিশ আটকে দিলে সেখানে সমাবেশে ইমরান হেফাজতের লংমার্চ কর্মসূচি প্রতিহতের ঘোষণা দেন।

ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চুসহ বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এদিন গণজাগরণ মঞ্চের মিছিলে অংশ নেন।

বাংলাদেশ হাক্কানী খানকা শরীফও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের এই বিক্ষোভ মিছিলে যোগ দেয়।

এছাড়া এদিন দেশের প্রতিটি জেলায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বরাবরে লেখা স্মারকলিপি তুলে দেয়া হয় জেলা প্রশাসকের হাতে।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে বিক্ষুব্ধ হয়ে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে একদল তরুণের অবস্থান কর্মসূচি দেশব্যাপী গণজাগরণের সৃষ্টি করে।

যুদ্ধাপরাধীর ফাঁসির রায় না পাওয়ার ক্ষোভ থেকে সৃষ্ট এই প্রতিবাদ দেশবাসীর অকুণ্ঠ সমর্থন পাওয়ার পর জাতীয় সংসদে আইন সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকার ও আসামি পক্ষের আপিলের সমান সুযোগের বিধান যোগ করা হয়।

এছাড়া গণজাগরণ মঞ্চ থেকে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধের দাবির মুখে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোনো দল বা সংগঠনের যুদ্ধাপরাধের বিচারের বিধানও যোগ করা হয়।

পরে ২১ ফেব্রুয়ারি জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করতে সময় বেঁধে দিয়ে ৬দফা দাবি জানানো হয় গণজাগরণ মঞ্চ থেকে।

প্রজন্ম চত্বরে ওইদিন লাখো মানুষের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে ১৭ দিনের টানা অবস্থান কর্মসূচির সমাপ্তি টানা হয়। তবে প্রয়োজনে আবারো টানা অবস্থানের কর্মসূচি দেয়া হতে পারে বলে আন্দোলনকারীরা আগেই জানিয়েছেন। 

পুরনো খবর:

ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ
শনিবার শাহবাগে জাগরণের সমাবেশ