ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ
অবরোধ সফল করতে শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর প্রত্যেকটি প্রবেশমুখে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছে গণজাগরণ মঞ্চ।
হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধের ঘোষণা দিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের কর্মসূচি দিয়েছে শাহবাগের আন্দোলনকারীরা।
সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান নেবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ ছাত্র নেতারা।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়ে বলেন, অন্যরা গাবতলী, সায়েদাবাদ ও কমলাপুর রেল স্টেশনসহ রাজধানীর প্রত্যেকটি প্রবেশ মুখে অবস্থান করবে।
শনিবার বিকাল ৪টা পর্যন্ত অবস্থান চলবে বলে জানান তিনি। বিকাল ৪টায় গণজাগরণ মঞ্চে সমাবেশের কর্মসূচি রয়েছে।
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবিতে চট্টগ্রাম থেকে শুক্রবার লংমার্চ শুরু করে শনিবার মতিঝিলে সমাবেশের কর্মসূচি রয়েছে হেফাজতের।
‘জামায়াতঘনিষ্ঠ’ হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে, যাতে সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলো।
এরপর অবরোধের ডাক দেয় গণজাগরণ মঞ্চ।
মঞ্চের এই কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে শহীদ রুমী স্কোয়াড, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে যারা সাতদিন অনশন কিরেছিল।
অবরোধ সফলে রুমী স্কোয়াড সদরঘাটে অবস্থান নেবে বলে জানিয়েছে।
