শনিবার শাহবাগে জাগরণের সমাবেশ
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
পাশাপাশি হেফাজতে ইসলামীর লং মার্চ প্রতিহতের ডাক দিয়ে শনিবার জোহরের পর শাহবাগে সমাবেশের ঘোষণা দিয়েছেন জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে রওনা হন জাগরণ মঞ্চের আন্দোলনকারীরা। এ সময় তারা যুদ্ধাপরাধীদের সর্বাচ্চ শাস্তি এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা ছাড়াও গ্রেপ্তার ব্লগারদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল ফার্মগেইট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ইমরান বলেন, হেফজতের লংমার্চ কর্মসূচি প্রতিহত করতে শনিবার জোহরের পর আবার শাহবাগে সমাবেশে মিলিত হবে জাগরণ মঞ্চ।
“যোহরের নামাজের পর প্রজন্ম চত্বরে অবস্থান নিয়ে আমরা সমাবেশ করব। আমরা আহ্বান জানাই, ঢাকা মহানগরীর প্রত্যেক নাগরিক অন্তত একবার এ সমাবেশে আসবেন।”
এরপর ফার্মগেইট থেকে ইমরান এইচ সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি অ্যাডমিন কবির বিন আনোয়ার তাদের সেখানে স্বাগত জানান।
প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন- ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তমাল, ব্লগার রাশেদুল হাসান ও কানিজ আকলিমা চিনু।
জাগরণ মঞ্চের প্রতিনিধিরা প্রায় এক ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থান করেন। এ সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনেককেই কৌতুহল নিয়ে ‘গ্রিন জোনে’ উপস্থিত হতে দেখা যায়।
স্মারকলিপি দিয়ে ফেরার পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজি অ্যাডমিন স্মারকলিপি গ্রহণ করেছেন। তিনি প্রধানমন্ত্রীকে স্মারকলিপি পৌঁছে দেবেন। আমাদের দাবিগুলো বিচার বিশ্লেষণ করে দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবেন এবং দাবির বিষয়ে সরকারের পদক্ষেপ আমাদের জানিয়ে দেবেন বলে জানিয়েছেন।”
এ বিষয়ে সন্ধ্যায় শাহবাগে গণজাগরণ মঞ্চের মিডিয়া সেলের সামনে সংবাদ সম্মেলন করা হবে বলে বাপ্পাদিত্য বসু সাংবাদিকদের জানান।
ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চুসহ বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এদিন গণজাগরণ মঞ্চের পদযাত্রায় অংশ নেন।
বাংলাদেশ হাক্কানী খানকা শরীফও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের এই বিক্ষোভ মিছিলে যোগ দেয়।
এছাড়া দেশের প্রতিটি জেলায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বরাবরে লেখা স্মারকলিপি তুলে দেয়া হয় জেলা প্রশাসকের হাতে।
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করতে গণজাগরণ মঞ্চের বেঁধে দেয়া সময় শেষ হয় ২৬ মার্চ। ওই দিন শাহবাগে মুক্তিযোদ্ধা–জনতা সমাবেশে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার এই কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে বিক্ষুব্ধ হয়ে তার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে একদল তরুণের অবস্থান কর্মসূচি দেশব্যাপী গণজাগরণের সৃষ্টি করে।
যুদ্ধাপরাধীর ফাঁসির রায় না পাওয়ার ক্ষোভ থেকে সৃষ্ট এই প্রতিবাদ দেশবাসীর অকুণ্ঠ সমর্থন পাওয়ার পর জাতীয় সংসদে আইন সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সরকার ও আসামি পক্ষের আপিলের সমান সুযোগের বিধান যোগ করা হয়।
এছাড়া গণজাগরণ মঞ্চ থেকে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধের দাবির মুখে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কোনো দল বা সংগঠনের যুদ্ধাপরাধের বিচারের বিধানও যোগ করা হয়।
পরে ২১ ফেব্রুয়ারি জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া শুরু করতে সময় বেঁধে দিয়ে ৬দফা দাবি জানানো হয় গণজাগরণ মঞ্চ থেকে।
প্রজন্ম চত্বরে ওইদিন লাখো মানুষের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে ১৭ দিনের টানা অবস্থান কর্মসূচির সমাপ্তি টানা হয়। তবে প্রয়োজনে আবারো টানা অবস্থানের কর্মসূচি দেয়া হতে পারে বলে আন্দোলনকারীরা আগেই জানিয়েছেন।
