২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার আসিফও গ্রেপ্তার

হেফাজতে ইসলামীর দাবি তোলার প্রেক্ষাপটে তিন ব্লগারকে গ্রেপ্তারের পর অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতিবাদ-বিক্ষোভের মধ্যে ব্লগার আসিফ মহীউদ্দিনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 09:22 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

আসিফকে বুধবার সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নেয়া হয় বলে তার ঘনিষ্ঠরা জানান।

তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম।

‘নাস্তিক ব্লগারদের’ শাস্তি দাবিতে হেফাজতে ইসলামের ঢাকা অভিমুখে লংমার্চের দুদিন আগে জনপ্রিয় ব্লগার আসিফকে গ্রেপ্তার করা হল।

এর আগে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় তিন ব্লগার সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে, যাদের ইতোমধ্যে রিমান্ডে পেয়েছে পুলিশ।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে শাহবাগে গত ৫ ফেব্রুয়ারি ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতিবাদই দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি করে এবং পরে এই আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন।

শাহবাগে গণজাগরণ আন্দোলন শুরুর পর চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলামের নামে মাঠে নামে কয়েকটি ইসলামী দল, যারা গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢালাওভাবে ইসলাম অবমাননার অভিযোগ এনে তাদের শাস্তি দাবি করে।

গণজাগরণ মঞ্চ বন্ধ করে দেয়াসহ যে ১০ জন ‘নাস্তিক’ ব্লগারের ফাঁসির দাবি তোলে হেফাজতে ইসলাম, তাদের তালিকায় আসিফের নাম প্রথমদিকেই ছিল।

ব্লগে লেখালেখিকে কেন্দ্র করে ২০১১ সালের ১ অক্টোবর আসিফকে ১৮ ঘণ্টা আটকে রেখেছিল গোয়েন্দা পুলিশ। পরে ‘লেখালেখি বন্ধ করার পরামর্শ দিয়ে’ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

ব্লগে লেখালেখির জন্য হামলার মুখেও পড়তে হয়েছিল আসিফকে। গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় তার ওপর হামলা হয়।

ছুরিকাঘাতের গুরুতর জখম নিয়ে বেশ কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

২০০০ সালে এসএসসি পাস করার পর ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন আসিফ। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় এইউআইবি-তে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি নেন তিনি।

সাম্প্রতিক হত্যাচেষ্টার আগ পর্যন্ত একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি।

আসিফকে হত্যাচেষ্টার মামলায় গত ১ এপ্রিল চার যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ । লেখালেখির কারণে ধর্মান্ধ ও উগ্রপন্থী একজনের নির্দেশনায় আসিফের ওপর হামলার কথা স্বীকার করেছেন ওই চারজন।  

গণজাগরণ মঞ্চের আন্দোলনবিরোধী ইসলামী কয়েকটি দল দাবি তোলার পর ফেইসবুক ও ব্লগে  লেখালেখি পর্যবেক্ষণে একটি কমিটি করেছে সরকার।

সরকারের দুই মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও শফিক আহমেদ বলেছেন, ইন্টারনেটে লেখায় কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি।

সোমবার রাতে তিন ব্লগারকে গ্রেপ্তারের পর অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে আমারব্লগ কর্তৃপক্ষ তাদের ব্লগ বন্ধ করে দিয়েছে।

তিন ব্লগারকে গ্রেপ্তার এবং ব্লগ নিয়ে সরকারের পদক্ষেপের সমালোচনা করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান বলেন, “এভাবে মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা কতটা সংবিধান স্বীকৃত, সরকারের কাছে সে প্রশ্ন থাকল।”

পুরনো খবর:

২৪ ঘণ্টার মধ্যে ব্লগারদের মুক্তি দাবি
ব্লগার আসিফের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪
ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত