২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টার মধ্যে ব্লগারদের মুক্তি দাবি

গ্রেপ্তার তিন ব্লগারকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 06:35 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে এই দাবি জানানো হয়।

ইন্টারনেটে লেখালেখিতে ধর্মীয় অনভূতিতে আঘাত হানার অভিযোগে সোমবার রাতে যে তিন ব্লগারকে গ্রেপ্তার করা হয়, তার মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যলয়ের ছাত্র।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিক উল্লাহ খান বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্লগারদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

তিনি বলেন, “মাত্র দুই মাস আগে তরুণরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে গণজাগরণের সূচনা করেছিল।

“জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে এবং অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়তে লেখনী শুরু করেছিল এই কলমযোদ্ধারা। তাদের একটাই অপরাধ- তারা যুদ্ধাপরাধীমুক্ত, জামায়াতমুক্ত দেশ গড়তে চায়।”

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলনের বিরোধিতাকারী হেফাজতে ইসলাম দাবি তোলার পর গ্রেপ্তার করা হয় তিন ব্লগারকে।

রফিক উল্লাহ খানের সঙ্গে একাত্ম হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ব্লগারদের মুক্তির দাবি জানান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, ফাহমিদুল হক, সমাজবিজ্ঞানের মশিউর রহমান, অর্থনীতির শফিকুজ্জামান, বাংলার শিক্ষক মেহের নিগারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

রোবায়েত ফেরদৌস বলেন, “তরুণরা ব্লগে যে বাক্য বা শব্দ তৈরি করে, তা সৃজনশীলতার প্রকাশ। মুক্তচিন্তা প্রকাশের জন্য সরকার তাদের হাতে হাতকড়া পরিয়েছে।”

“তাদের কোনো বক্তব্য কারো কাছে ভালো না লাগলে ব্লগে লিখে তার জবাব দেয়া যেত। কিন্তু হাতকড়া পরিয়ে তার জবাব দেয়া হল,” বলেন তিনি।

‘দেশ আজ মৌলবাদীদের কাছে মাথা নত করেছে’ বলে মন্তব্য করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষক।

সমাবেশ শেষে বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে গিয়ে সেখানে বসে পরে ব্লগারদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

এর প্রায় পৌনে এক ঘণ্টা পরে উপাচার্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে ডেকে পাঠান।

উপাচার্য শিক্ষার্থীদের অভিযোগ শুনতে চাইলে বাংলা বিভাগের শিক্ষার্থী জয়না শান্ত বলেন, “আপনি আমাদের অভিভাবক। আমাদের এক সহপাঠীকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ধরে নিয়ে গেছে। আমরা আপনার কাছে জানতে এসেছি আপনি তাকে কবে ফিরিয়ে আনবেন।”

উপাচার্য বলেন, “ঘটনাটি জানার পরেই আমি বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। যেহতু বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, তাই এর মাধ্যমেই তাকে ফিরিয়ে আনতে হবে।”

“তবে আমি তোমাদের বলছি, মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। কোনো স্বাধীনতাই নিরংকুশ নয়। এক জনের মত প্রকাশের কারণে আরেকজনের স্বাধীনতায় হস্তক্ষেপ যেন না হয় এ বিষয়টিও মনে রাখতে হবে”, যোগ করেন তিনি।

এ সময় কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিহির রায় বলেন, “শুভকে গ্রেপ্তার করা হয়েছে জগন্নাথ হলের গেট থেকে অথচ পুলিশ সংবাদ সম্মেলনে জানায় তারা তাকে পলাশী মোড় থেকে গ্রেফতার করেছে। পুলিশ কেন এই মিথ্যাচার করলো আমরা জানতে চাই।”

“আমি দীর্ঘদিন শুভ এর সাথে চলাফেরা করি। ওর প্রত্যেকটি লেখা আমি পড়েছি। আমি জানতে চাই তার কোন লেখাটি ধর্মানুভূতির উপরে আঘাত এনেছে” যোগ করেন তিনি।

রাজধানীর ইন্দিরা রোড, পলাশী ও মনিপুরি পাড়া থেকে গ্রেপ্তার করা ব্লগার সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে ইতোমধ্যে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

পুরনো খবর:

তিন ব্লগার রিমান্ডে