মতিঝিলে ককটেল বিস্ফোরণ, আটক দুই
বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে বিভিন্ন স্থানে হাতবোমা ফাটিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টা চালিয়েছে পিকেটাররা।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার শুরু হওয়ার এই হরতাল শেষ হবে মঙ্গলবার সন্ধ্যায়।
মঙ্গলবার সকালে রাজধানীতে নটরডেম কলেজের সামনে হরতালের সমর্থনে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে চারটি হাতবোমা ফাটানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামান।
পুলিশের মতিঝিল জোনের পেট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাশার জানান, এ সময় মিছিলকারীরা ব্র্যাক ব্যাংকের একটি এটিএম বুথেও ভাংচুর চালায়।
পরে পুলিশ ধাওয়া দিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান তিনি।
এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে পুলিশ।
মিরপুর স্টেডিয়াম এলাকায়ও ঝটিকা মিছিল থেকে তিনটি ককটেল ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
সকালে গাবতলী এলাকায় মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। পুলিশ পৌঁছালে পিকেটাররা দ্রুত পালিয়ে যায়।
সকাল সাড়ে ৬টার দিকে গেণ্ডারিয়া, তেজগাঁও ও বিজয় সরণীতেও বিভিন্ন গলি থেকে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের হয়।
যাত্রাবাড়ীর কুতুবখালী ও মগবাজারে এ রকম দুটি মিছিল ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এর আগে হরতালের প্রথম দিন সোমবার রাজধানীতে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয় এবং অন্তত চারটি যানবাহন পুড়িয়ে দেয় পিকেটাররা। বিভিন্ন স্থানে হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলে।
সোমবার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের মঙ্গলখালিতে একটি ট্রাকে আগুন দেয়া হয়। পরে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী জানান।
রাজধানীতে আগের দিনের মতো মঙ্গলবারও হরতালের মধ্যে সড়কে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। সংখ্যায় কম হলেও গণ পরিবহনও চলছে বিভিন্ন রুটে।
সকালের প্রথমভাগে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন।
সকাল থেকেই বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে রাজধানীর সড়কগুলোতে। জলকামান ও এপিসি নিয়ে নয়া পল্টনে বিএনপি কার্যালয় এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গত ১১ মার্চ বিকালে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের সমাবেশের শেষ দিকে হঠাৎ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং সমাবেশ পণ্ড হয়ে যায়। এ সময় বিএনপি কর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে শুরু করে।
এরপর পুলিশ বিএনপি কার্যালয় থেকে দেড় শতাধিক নেতা-কর্মীকে আটক করে । কার্যালয়ে তল্লাশি চালিয়ে দশটি হাতবোমা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নেতাকর্মদের মুক্তির দাবিতে ওই দিনই ১৮ ও ১৯ মার্চ দুদিনের এই হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
