মাঠে ছিল না হরতাল আহ্বানকারীরা
শাহবাগবিরোধীদের হরতালে জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থন দিলেও রাজপথে দেখা যায়নি কর্মসূচি আহ্বানকারী সমমনা ইসলামী দলগুলোর নেতা-কর্মীদের।
উল্টো রোববার প্রায় সারাদিনই রাজপথ মুখর ছিল গণজাগরণ মঞ্চ এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর মিছিলে।
হরতালে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ ছাড়া দেশের প্রায় সব স্থানেই জীবন-যাত্রা ছিল প্রায় স্বাভাবিক। ট্রেন, বিমান ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক।
হরতালে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্যসব যানবাহনই চলতে দেখা গেছে।
মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী দূরপাল্লার কিছু বাস ছাড়তে দেখা গেছে।
তবে সায়দাবাদ ও গাবতলী টার্মিনাল থেকে দুপুর পর্যন্ত দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি। পরে একটি-দুটি করে বাস ছাড়তে শুরু করে।
হরতালে বড় ধরনের সংঘাত হয়েছে শুধু মানিকগঞ্জের সিঙ্গাইরে, সেখানে চারজন নিহত হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর।
তবে হরতাল আহ্বানকারী দলগুলোর অন্যতম বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত শাহ আহমাদুল্লাহ আসলাম দাবি করেছেন, নিহতের সংখ্যা ৫।
এছাড়া ১৬০ জন গুলিবিদ্ধ এবং ৫ শতাধিক গ্রেপ্তার হন বলে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
অন্যদিকে হরতাল আহ্বানকারী অন্যতম দল খেলাফত মজলিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, নিহতের সংখ্যা ৭।
মানিকগঞ্জে সোমবার দিনব্যাপী হরতাল ডেকেছে খেলাফত মজলিস, পাশাপাশি সারাদেশে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।
শুক্রবার দেশব্যাপী তাণ্ডবের পর রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সমমনা ইসলামী দলগুলো।
ওই দিন জুমার নামাজের পর শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা অবমাননা, গণজাগরণ মঞ্চ ভাংচুরের ওই তাণ্ডবে জামায়াতের মদদ ছিল বলে পুলিশ বলছে।
হরতাল ডাকার পর তা প্রতিহত করতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
গণজাগরণ মঞ্চের আহ্বানে রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালবিরোধী মিছিল হয়। শাহবাগ থেকেও একটি মিছিল বের হয়।
হরতালের মধ্যে রাজধানীসহ সারাদেশে পুলিশের কড়া পাহারা ছিল।
রাজপথে মিছিল-পিকেটিং না থাকলেও চোরাগোপ্তা হামলা চালিয়ে যাত্রাবাড়ীর ধলপুরে রাস্তার পাশে থেমে থাকা একটি লেগুনায় আগুন দেয় হরতালকারীরা।
যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেগুনাটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন এসে গাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ব্রজেন সরকার বলেন, স্থানীয় লোকজনই আগুন নিভিয়ে ফেলে।
শ্যামপুর থানার ধোলাইপাড়ে হরতালের সমর্থনে কয়েকজন মিছিলের চেষ্টা করলেও পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান যাত্রাবাড়ী থানার ওসি আবুল কালাম আজাদ।
ঢাকায় বিচ্ছিন্নভাবে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে, যার জন্য হরতালকারীদের দায়ী করেছে পুলিশ।
সকাল ১০টার দিকে পল্টনে গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী মিছিলের কয়েক মিনিট পরেই পুরানা পল্টন, ফকিরাপুল ডিআইটি এক্সটেনশন রোড এবং প্রেসক্লাবের সামনে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটে।
পুরানা পল্টনে একটি হাতবোমা বিস্ফোরণের পরপরই পুলিশ সেখানে তল্লাশি অভিযান চালায়। ওই সময় হরতাল সমর্থকরা একটি মিছিল করতে চাইলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
একই সময়ে ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। ওই এলাকায় তল্লাশি চালিয়ে অন্তত ১৯ জনকে আটক করে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানা পুলিশের ওসি মো. হেদায়েতুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আতঙ্ক ছড়াতে আশে পাশের উঁচু ভবন থেকে হাতবোমা ছাড়া হয়েছিল। আমরা খবর পেয়ে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।”
পরে মতিঝিল থানা থেকে জানানো হয়, ১৯ জনকে আটক করা হয়েছে।
একই সময়ে প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের রাস্তায় দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটে। তবে এ সব ঘটনায় কেউ আহত হয়নি।
এদিকে হরতাল শেষে সংবাদ সম্মেলনে খেলাফত আন্দোলনের আমিরে শরীয়ত আহমাদুল্লাহ আশরাফ বলেন, ১২ দল নয়, সাতটি দল এই হরতাল ডেকেছিল।
“আমরা ১২ দলের সমমনা নই। আমরা সাতটি দল এই হরতাল আহ্বান করেছি।”
দলগুলো হচ্ছে- বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, খেলাফতে ইসলামী বাংলাদেশ, জামায়াতে ওলামায়ে ইসলাম, ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও ওলামা কমিটি বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে মানিকগঞ্জে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানানো হয়। গুলি ছোড়ার জন্য দায়ীদের শাস্তিও দাবি করে খেলাফত আন্দোলন।
খেলাফত আন্দোলনের মহাসচিব মুহাম্মদ জাফরুল্লাহ খানসহ গ্রেপ্তার সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন আহমাদুল্লাহ আসলাম।
সংবাদ সম্মেলনে কয়েকটি গণমাধ্যমের সমালোচনা করে তাদের ‘নাস্তিকতাবাদ মানসিকতা পরিহার’ করার আহ্বান জানান তিনি।
খেলাফত নেতা বলেন, “প্রথম আলো, ডেইলি স্টার ও কালের কন্ঠ এবং একাত্তর ও সময় টেলিভিশন যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে নাস্তিকতাবাদ মানসিকতা পরিহার না করে তাহলে শুক্রবার থেকে দেশবাসীকে ট্রান্সকম গ্রুপ, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের পণ্য বর্জনের জন্য আহ্বান জানানো হবে।”
খেলাফত আন্দোলনের দাবি, তাদের সঙ্গে জামায়াতের আদর্শিক মিল নেই।
এরপরও হরতালে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থনের বিষয়ে আহমাদুল্লাহ আসলামের বক্তব্য, “তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা যদি নৈতিক সমর্থন দেয় তাহলে তো আমরা না করতে পারি না। এমনকি কমিউনিস্ট পার্টিও সমর্থন দিতে পারে।”
