২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ৫

বগুড়ায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এ সময় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2013, 06:41 AM

Updated : 23 Aug 2022, 10:15 AM

ইসলামী ও সমমনা ১২ দলের ডাকা রোববারের হরতালের সকালে শহরে সড়কে অবরোধের চেষ্টা করলে পুলিশ  তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,  সকাল সাড়ে ৮টার দিকে সদরের এরুলিয়ায় জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ  করে। তখন বাধা দিলে পুলিশের ওপর চড়াও হয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ২৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে জনকে আটক করা হয়েছে।

এছাড়া সকাল সোয়া ৭টার দিকে শহরের খান্দারে হরতাল সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শাহবাগের গণজাগরণ মঞ্চ বিরোধী মিছিল থেকে ব্যাপক তাণ্ডব চালানো হয়। এরপর রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় সমমনা ১২ দল। বিএনপি ও জামায়াতে ইসলামী হরতালে সমর্থন দেয়।

তবে শুক্রবার শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও গণজাগরণ মঞ্চ ভাংচুরের যে সব ঘটনা ঘটেছে তাতে জামায়াতে ইসলামীর মদদ ছিল বলে পুলিশ বলছে।