সিলেটে পিকেটিং নেই, আছে হরতালবিরোধী মিছিল
সমমনা ইসলামী ১২ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সিলেটে পিকেটারদের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে হরতালবিরোধী মিছিল-সমাবেশ হয়েছে।
রোববার দুপুর পর্যন্ত কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। রাজপথে ছিল না হরতালকারীরাও।
সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে যান চলাচল বাড়ছে।
সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, সিলেট থেকে নির্দিষ্ট গন্তব্যে নির্ধারিত সবকটি ট্রেন ছেড়ে গেছে।
সিলেট নগর পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ জানান, সিলেটের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
র্যাবের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবিও ।
এদিকে দুপুর ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার জাগরণমঞ্চ থেকে হরতালবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শুক্রবার দেশব্যাপী তাণ্ডবের পর রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সমমনা ইসলামী ১২ দল, বিএনপিও যাতে সমর্থন দেয়।
শুক্রবার জুমার নামাজের পর শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা অবমাননা, গণজাগরণ মঞ্চ ভাংচুরের ওই তাণ্ডবে জামায়াতের মদদ ছিল বলে পুলিশ বলছে।
