ইসলামী দলগুলো হরতালে সাড়া পায়নি
সমমনা ইসলামী দলগুলোর হরতালে তেমন সাড়া দেয়নি সাধারণ মানুষ। দূরপাল্লার বাস না চললেও অভ্যন্তরীণ রুটে যান চলাচল ছিল স্বাভাবিক।
হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় ও নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় বিভিন্ন জেলা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দেশব্যাপী তাণ্ডবের পর রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সমমনা ইসলামী ১২ দল, বিএনপি ও জামায়াত যাতে সমর্থন দেয়।
জুমার নামাজের পর শুরু হওয়া বিক্ষোভ মিছিল থেকে শহীদ মিনারে হামলা, জাতীয় পতাকা অবমাননা, গণজাগরণ মঞ্চ ভাংচুরের ওই তাণ্ডবে জামায়াতের মদদ ছিল বলে পুলিশ দাবি করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: গাজীপুরে হরতালে ছিলো ঢিলেঢালা ভাব। সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ভোগড়া বাইপাস সড়কে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে তারা ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুইটি মিনি বাস ভাংচুর করে।
মহাসড়কে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে অভ্যন্তরীণ রুটের বাস, টেম্পো, লেগুনা চলাচল অনেকটাই স্বাভাবিক ছিলো। সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা, কলকারখানাও খোলা ছিল।
মহাসড়কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক টহল দিতে দেখা গেছে।
এছাড়া পুলিশ অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর নয় নেতাকর্মীকে আটক করেছে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, নাশকতার আশঙ্কায় শনিবার রাতে টঙ্গী জামায়াতের রুকন মো. নুরুজ্জামান, আব্দুল মালেক, আব্দুর রহমান ও মাজহারুল গাজীকে আটক করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মো. আমির হোসেন জানান, একই অভিযোগে রোববার সকাল ৮টার দিকে গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. তারেক,ও রাজাবাড়ি ইউনিয়ন জামায়াতের কর্মী মো. হবিব উল্লাহকে আটক করেছে পুলিশ।
বগুড়া: শহরে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পাঁচ জনকে আটক করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সদরের এরুলিয়ায় জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে। তখন বাধা দিলে পুলিশের ওপর চড়াও হয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ২৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে জনকে আটক করা হয়েছে।
দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে হরতালকারীদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, রোববার সকাল ১০টার দিকে দিনাজপুর-রংপুর সড়কের রানীরবন্দর এলাকায় হরতাল সমর্থকরা মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে ফরহাদ হোসেন নামে এক হাবিলদার আহত হন। পরে সেখানে অতিরিক্ত পুলিশ গেলে হরতাল সমর্থকরা পালিয়ে যায়।
হরতালের সকালে দিনাজপুর শহরে সব স্কুল-কলেজ খোলা ছিল। তবে দোকানপাট তেমন খুলতে দেখা যায়নি।
সকাল থেকে শহরে রিকশা, অটোরিকশা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক।
জয়পুরহাট: জয়পুরহাট শহর থেকে তিন কিলোমিটার দূরে কোমরগ্রাম এলাকায় সকালে জেলা সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস পুড়িয়ে দিয়েছে হরতালকারীরা।
সদর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাইক্রোবাসে করে রোববারের পত্রিকা ঢাকা থেকে শহরে আসছিল। পথে পিকেটাররা আগুন লাগিয়ে দিলে তা সম্পূর্ণ পুড়ে যায়।
এছাড়া শহরের আর কোথাও পিকেটিং দেখা যায়নি। দূরপাল্লার বাস না চললেও শহরে যানবাহন চলাচল স্বাভাবিক।
সকাল ১০টার পর শহরের অধিকাংশ দোকান-পাট, ব্যাবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করে।
সিলেট: হরতালে পিকেটারদের কোনো তৎপরতা দেখা যায়নি। তবে হরতালবিরোধী মিছিল-সমাবেশ হয়েছে।
সকাল থেকে নগরীতে বিচ্ছিন্নভাবে কিছু রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে যান চলাচলও বাড়তে থাকে।
ওই জেলা থেকে দূর পাল্লার কোনো বাস চেড়ে না গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নোয়াখালী: জেলায় হরতালে সাড়া মেলেনি। সকাল থেকে জেলার কোথাও হরতাল সমর্থনকারীদের দেখা যায়নি।
ব্যাংক-বীমা, অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটগুলো খুলতে শুরু করে। সেই সঙ্গে ভারী যানবাহনও চলাচল করতে থাকে। তবে দূর পাল্লার যানবাহন ছেড়ে যায়নি।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশীদ জানান, নাশকতার আশঙ্কায় শনিবার রাত থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিরের ১৩ কর্মীকে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া: হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ সড়কে মিছিল করেছে জেলা কওমী ইসলামি ছাত্র ঐক্য পরিষদ।
এছাড়া শহরের কোথাও জামায়াত-শিবিরকর্মীদের অবস্থান নিতে দেখা যায়নি। শহরজুড়ে মোতায়েন করা ছিল বিপুল সংখ্যক পুলিশ।
সকাল ১০টার দিকে শহরের লোকনাথ দিঘীর পাড় থেকে মাথায় জাতীয় পতাকা বেঁধে একটি হরতাল বিরোধী মিছিল বের করা হয়।
পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও হরতালের বিপক্ষে খন্ড খন্ড মিছিল করে।
দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, হরতালের সময় নাশকতামূলক কাজ করতে পারে সন্দেহে সকালে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিরের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।
পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
বাস টার্মিনাল থেকে দুর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে ছোট ছোট যানবহন চলাচল করতে দেখা গেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মোর্ত্তুজা বলেন, নাশকতা সৃষ্টির আশংকায় শনিবার রাতে শহরের আলীনগর থেকে জামায়াতের কর্মী নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
চাঁদপুর: চাঁদপুরে হরতালে সাড়া মিলেনি। হরতাল সমর্থনে কোথাও মিছিল বের হতে দেখা যায়নি।
জীবনযাত্রা ছিল স্বাভাবিক। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে, দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, হরতালে পিকেটিংয়ের চেষ্টার সময় জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ৫ জনকে আটক করেছে।
গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীর মহেশপুর এলাকায় টায়ার জ্বালিয়ে ও কলার গাছ ফেলে পিকেটিং করছে জামাত-শিবির কর্মীরা। এ সময় তারা ওই এলাকায় ২/৩টি যানবাহন ভাংচুর ও পত্রিকাবাহী গাড়ী থেকে জনকন্ঠ পত্রিকায় নিয়ে আগুন দিয়ে পুড়ে ফেলে।
শহরে রিকশা-ভ্যান, অটোরিকশা চলাচল করলেও শহরের টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীন রুটে কোন বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
কুড়িগ্রাম: হরতালে কুড়িগ্রাম জেলায় তেমন কোন প্রভাব পড়েনি। হরতালের পক্ষে কোনো ধরনের মিছিল কিংবা পিকেটিং ছিল না।
দূরপাল্লার যানবাহন না চললেও অভ্যন্তরীণ যান চলাচল স্বাভাবিক ছিল। ব্যাংক,বীমা, অফিস-আদালত, স্কুল-কলেজ ছিল খোলা।
শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোড়দার করা হয়েছে।
নারায়ণগঞ্জ: সকাল ৮টার দিকে শহরের চাষাঢ়া রাইফেল ক্লাব এলাকা থেকে হরতাল সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ প্রহরায় তাদেরকে মাদ্রাসায় ফেরত পাঠানো হয়।
এর আগে ভোর ৬টার দিকে শহরের দেওভোগ এলাকায় থেকে মিছিল বের করার চেষ্টা করলে লাঠিসোটাসহ একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার বাস বেশী একটা চলাচল না করলেও অভ্যন্তরীণ বাসচলাচল করতে দেখা গেছে। এছাড়া ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কগুলোতে র্যাব ও পুলিশের ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের দেওভোগ এলাকায় থেকে মিছিল বের করার চেষ্টা করলে লাঠিসোটাসহ একজনকে আটক করা হয়েছে।
জামালপুর: জামালপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে।
তবে শহরের বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিরোধ সৃষ্টি করতে দেখা যায়।
নাশকতার আশঙ্কায় শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
ফেনী: ইসলামি দলগুলোর হরতাল চলাকালে ফেনী থেকে ১০ জামায়াত-শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর অংশে যান চলাচল স্বাভাবিক ছিল। হরতাল সমর্থনে শহরের কোথাও কোন মিছিল বা পিকেটিং দেখা যায়নি। শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি কম ছিল।
সকালে জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করে।
শহরের বিভিন্ন পয়েন্টে র্যাব ও পুলিশ টহল ছিল লক্ষ্যণীয়।
নওগাঁ: হরতাল নওগাঁয় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকদের দেখা গেলেও পুলিশের বাধায় কোথাও পিকেটিং কিংবা সমাবেশ করতে পারেনি তারা।
এদিকে শহর থেকে থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। শহরের অভ্যন্তরেও যান চলাচল ছিল কম।
হরতালে দোকানপাট, বিপনীবিতানগুলো বন্ধ ছিল। অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা খোলা থাকলেও লেনদেন কম ছিল।
সদর থানার ওসি মোজাম্মেল হক ও ব্যাংক ম্যানেজার আশরাফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে ইসলামী ব্যাংকের পাশ দিয়ে হরতাল বিরোধী একটি মিছিল চলে যাওয়ার পর একদল যুবক সেখানে হামলা চালায়।
এসময় ব্যাংকের অফিসার মাহবুব আলম, রাকিমুজ্জামান, ম্যাসেনজার আব্দুল বাছেদ ও সিকিউরিটি গার্ড আফজাল হোসেন গুরুতর আহত হন।
নারায়ণগঞ্জ: ভোর ৬টার দিকে শহরের দেওভোগ এলাকায় থেকে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে লাঠিসোটাসহ একজনকে আটক করে পুলিশ।
সকাল ৮টার দিকে শহরের চাষাঢ়া রাইফেল ক্লাব এলাকা থেকে হরতাল সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ প্রহরায় তাদেরকে মাদ্রাসায় ফেরত পাঠানো হয়।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার বাস বেশী একটা চলাচল না করলেও স্থানীয় চলাচল করতে দেখা গেছে। এছাড়া ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নরসিংদী: নরসিংদীতে সকাল থেকেই দোকান পাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত ছিল খোলা, ব্যাংক বীমায় লেনদেন ও কলকারখানায় উৎপাদন ছিল স্বাভাবিক।
হরতালে দূরপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে।
শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আইন শৃংখলা নিয়ন্ত্রনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
নেত্রকোনা: নেত্রকোনা শহরে হরতালের সমর্থনে কেউ পিকেটিংও চোখে পড়েনি।
তবে সকাল থেকেই ১৪ দল, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা হরতালের বিপক্ষে খন্ড খন্ড মিছিল করে।
শহরের সড়কগুলোতে যান চলাচলের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস হতে দেখা যায়। অফিস-আদালত, দোকান-পাট, ব্যাংকগুলোতে অন্যদিনের মত কর্মচাঞ্চল্য দেখা যায়।
সদর মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে হরতাল সমর্থকরা একটি মিছিল বের করলেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়।
শেরপুর: হরতালে দূরপাল্লার যাত্রীবাহী বাস না চললেও শহরের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। জেলার কোথাও সমমাননা ১২ ইসলামী দলের নেতা-কর্মীদের দেখা যায়নি।
শহরের বিভিন্ন সড়কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রিকশাভ্যান ও অটোরিকশাসহ বিভিন্ন যান্ত্রিক যানবাহন চলাচল বাড়তে থাকে।
ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজকর্ম ছিল স্বাভাবিক ।
খুলনা: খুলনায় হরতাল চলাকালে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে হরতালের সারাদিন জুড়ে রাজপথ ছিলো আওয়ামী লীগসহ ১৪ দলের দখলে।
শহরের অধিকাংশ দোকানপাট খোলা ছিল। দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। তবে অভ্যন্তরীণ রুটে বিভিন্ন ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করেছে সকাল থেকেই।
ব্যাংক-বীমা অফিস আদালতে স্বাভাকি কাজকর্ম চলছে। ট্রেন, লঞ্চ এবং ষ্টীমার যথাসমেয় ছেড়ে গেছে।
বেলা ১২টায় খুলনার শামীম স্কয়ার মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী সমাবেশ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
