২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে বিএনপির সমর্থন

রাজধানীসহ সারা দেশে ব্যাপক সংঘাত সহিংসতা চালানোর পর কয়েকটি ইসলামী দল রোববার যে হরতাল ডেকেছে তাতে সমর্থন দিয়েছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 10:04 AM

Updated : 25 Apr 2022, 06:24 PM

দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “শুক্রবার সারাদেশে ওলামা-মাশায়েখসহ মুসল্লিদের ওপর সরকারের পুলিশ-র‌্যাবসহ যুবলীগ-ছাত্রলীগ একসঙ্গে হামলা চালিয়েছে। বেশ কয়েকজন মুসল্লিকে হত্যা করা হয়েছে। সাংবাদিকরাও ওই হামলা থেকে রেহাই পাননি।”

“এর প্রতিবাদে ইসলামী দলগুলোর ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালকে পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা।”

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় শাহবাগের গণজাগরণবিরোধীরা, যার পেছনে জামায়াতের ইন্ধন দেখছে পুলিশ।

চট্টগ্রাম, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন স্থানে হামলাকারীদের হামলার লক্ষ্য ছিল গণজাগরণ মঞ্চ, যেখান থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চলছে। হামলা থেকে বাদ যায়নি সিলেট ও ফেনীর শহীদ মিনারও।

দুপুর থেকে বিকাল পর্যন্ত তাণ্ডবের পর ‘কর্মসূচিতে বাধার’ অভিযোগ এনে রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ইসলামী ও সমমনা ১২ দল।

এই মোর্চার নেতা ও খেলাফত আন্দোলনের নায়েবে আমির আহমেদুল্লাহ আশরাফ বলেন, “হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে ব্লগারদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আমরা শুক্রবার জুমার নামাজের পর শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু পুলিশ তাতে বাঁধা দিয়ে আমাদের কর্মীদের গ্রেপ্তার করেছে। হতাহতের ঘটনাও ঘটেছে।

“এর প্রতিবাদে আমরা রোববার সকাল সন্ধ্যা হরতাল পালন করব।”     

এরপর  রাতে এক বিবৃতিতে জামায়াতের প্রধান মিত্র বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী ও সমমনা ১২ দলের কর্মসূচিতে ‘পুলিশ-র‌্যাবসহ ক্ষমতাসীন দলের কর্মীরা’ হামলা চালিয়েছে অভিযোগ করে এর নিন্দা জানান। হামলাকারীদের গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।

আর শনিবার প্রেস ব্রিফিংয়ে রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকে তুলনা করেন মধ্যযুগীয় স্বৈরশাসকদের শাসনামলের সঙ্গে।

তিনি বলেন, “আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ মসুল্লিদের করতে দিলে কি এমন হতো? সরকার রক্তপাত ঘটনারের জন্য এই হামলা চালিয়েছে। উদ্দেশ্য বিরোধী দল ও জনগণকে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকা।”

শুক্রবারের সহিংসতার জন্য জামায়াতে ইসলামী ও সমমনা ইসলামী দলগুলোর শীর্ষ নেতাদের আসামি করে সারা দেশে মামলা করেছে পুলিশ। এ সহিংতায় উস্কানি দেয়ার অভিযোগে মামলা হয়েছে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধেও। তাকে গ্রেপ্তারে গত সন্ধ্যায় ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের সমালোচনা করে রিজভী বলেন, “এসব মিথ্যা-বানোয়াট মামলা করে সরকার দেশে একদলীয় শাসন কায়েম করতে চায়। মুক্ত কন্ঠে প্রতিবাদ জানাতেন বলেই মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এরকম মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

অবিলম্বে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

নির্দলীয় সরকারের দাবি তুলে ধরে রিজভী বলেন, “এখন মানুষ পাল্টা প্রতিশোধ নেয়ার জন্য রাস্তায় নেমে এসেছে। এখন তারা আর ঘরে ফিরে যাবে না। সরকার যদি এহেন অপতৎপরতা অব্যাহত রাখে, তাহলে তাদের চরম প্রতিরোধের মুখোমুখি হতে হবে।”

অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহীন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি এম এ মালেক, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

হরতালে জামায়াতের ‘আনুষ্ঠানিক’ সমর্থন
রোববার হরতাল ডেকেছে ১২ দল
ইসলামী ১২ দলের নেতাকর্মীদের মুক্তি চায় বিএনপি
সারাদেশে তাণ্ডবের পর হরতাল