২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে জামায়াতের ‘আনুষ্ঠানিক’ সমর্থন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালানোর পর ইসলামী ও সমমনা ১২ দলের ব্যানারে রোববার যে হরতালের ঘোষণা দেয়া হয়েছে তাতে সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2013, 02:12 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এই সমর্থনের কথা জানান।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় শাহবাগের গণজাগরণবিরোধীরা। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন স্থানে তারা হামলা চালায় গণজাগরণ মঞ্চে, যেখান থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে ৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলন চলছে।

উগ্রপন্থীদের হামলা থেকে বাদ যায়নি সিলেট ও ফেনীর শহীদ মিনারও।

পুলিশ বলছে, এই সব সহিংস কর্মকাণ্ডের পেছনে জামায়াতের ইন্ধন রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও জামায়াতের নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন,  “আল্লাহ ও রাসূলের (সা.) অবমাননা সহ্য করতে না পেরে যারা রাজপথে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করেছিলেন, তাদের ওপর পুলিশের হামলা দেশবাসী কখনো বরদাশত করবে না। গত দুই দিনে পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলি ও আওয়ামী লীগের তাণ্ডবে সাত জন নিহত হয়েছে।”

“ এর প্রতিবাদে নাস্তিক, মুরতাদদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ইসলামী দলসমূহের রোববারের আহুত হরতাল কর্মসূচির প্রতি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি সমর্থন ঘোষণা করছি।”

বিবৃতিতে বলা হয়, “মহান রাব্বুল আলামীন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র ইসলাম ধর্মের অবমাননাকারী নাস্তিকদের পুলিশ পাহারায় শাহবাগে রাতদিন নৈরাজ্য সৃষ্টির পৃষ্ঠপোশকতা দিয়ে, ঈমানদার ব্যক্তিদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে সরকার মূলত নাস্তিকদের পক্ষ অবলম্বন করেছে।”

শুক্র ও শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার সময় গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি এবং সাত জন নিহতের জন্য ‘দায়ী’ পুলিশ সদস্যদের গ্রেপ্তারের দাবি জানানো হয় জামায়াতের বিবৃতিতে।