২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে তাণ্ডবের পর হরতাল

সারাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছে গণজাগরণবিরোধীরা। চট্টগ্রাম ও সিলেটে জাগরণমঞ্চে হামলা হয়েছে। হামলা থেকে বাদ যায়নি বিভিন্ন জেলার কেন্দ্রীয় শহীদ মিনারও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 10:15 AM

সহিংসতায় তিন জেলায় নিহত হয়েছেন এক মাদ্রাসা শিক্ষকসহ চার জন। ‘কর্মসূচিতে বাধার’অভিযোগ এনে রোববার সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছে ইসলামী ও সমমনা ১২ দল।

আর বিএনপি ও জামায়াতপন্থী হিসেবে পরিচিত কয়েকটি গণমাধ্যমের স্থানীয় কার্যালয়ে ভাংচুরের প্রতিবাদে চট্টগ্রামে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

শুক্রবার জুমার নামাজে পর কয়েকটি ইসলামী ও সমমনা দলের ব্যানারে এসব হামলা হলেও পুলিশ বলছে, ওই দলগুলোর কর্মসূচিকে ব্যবহার করে জামায়াতে ইসলামী কর্মীরা এই সহিংসতা চালিয়ে থাকতে পারে।

রাজধানীতে বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে ব্যাপক তাণ্ডব চালায় ‘গণজাগরণবিরোধীরা’।

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনকারীরা শুক্রবার সব ধর্মের উপাসনালয়ে প্রার্থনা ও দোয়ার কর্মসূচি দেয়ার পর ‘ধর্ম অবমাননাকারী’ব্লগারদের শাস্তি এবং ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠনের ব্যানারে সারাদেশে জুমার পর বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয়া হয়।

ইসলামী দলগুলোর কর্মসূচি ও নাশকতার আশঙ্কায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। তবে শুরু থেকে হামলার লক্ষ্যে ছিলেন সংবাদকর্মীরা। গণজাগরণবিরোধী এই ইসলামী দলগুলোর হামলায় আহত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ তুহিন ও এটিএন বাংলার ক্যামেরাম্যান ইমরান তুহিনসহ বেশ কয়েকজন সাংবাদিক।

আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কামাল হোসেন তালুকদার জানান, জুমার নামাজ শেষে ইসলামী সংগঠনগুলোর কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে এগোনোর সময় তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তৈরি তোরণ ভাংচুর করা হয়।

এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালালে শুরু হয় সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়লে হামলাকারীরাও বৃষ্টির মতো ঢিল ছুড়তে থাকে। এ সময় বেশ কিছু হাতবোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।

Image
পল্টনে সংঘর্ষ শুরুর আগে

পল্টনে সংঘর্ষ শুরুর আগে

সহিংসতা ঠেকাতে পুলিশ শটগানের ছররা গুলি ব্যবহার করে। এ সময় চার সাংবাদিক, দুই পুলিশসহ অন্তত ২৩ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এদের মধ্যে গাজী টেলিভিশনের প্রতিবেদক মাসুদুর রহমান, দৈনিক সংবাদের প্রতিবেদক সাইফ বাবলু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন নুরুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের আলোকচিত্রী সাংবাদিক শেখ মামুন রশীদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আহত হনঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়াও। এছাড়া কাপ্তানবাজার এলাকায় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে আহত ওয়ারী থানার কনস্টেবল আব্দুল জলিলকেও (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ চলাকালে শাহবাগ থেকে মতিঝিলমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নামাজের পর কাঁটাবন মসজিদ থেকেও ইসলামী সংগঠনগুলোর কর্মীরা মিছিল নিয়ে বের হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ঢিল ছুড়তে শুরু করে তারা। পরে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় লালবাগ পুলিশের সহকারী কমিশনার (পেট্রোল) রেজাউল করিম আহত হন বলে একজন পুলিশ কনস্টেবল জানান।


সংঘর্ষের পর কাঁটাবন মসজিদ এলাকা থেকে শাহবাগের গণজাগরণ মঞ্চের দিকে যাওয়ার সময় একটি মাইক্রোবাস থেকে দুজনসহ মোট চারজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

গত তিন মাস ধরে সারা দেশে বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে আসা জামায়াত কর্মীরা অন্য ইসলামী সংগঠনের কর্মসূচিকে ব্যবহার করে সংঘাতে জড়াচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার শেখ নাজমুল আলম বলেন, “আমার কাছে তেমনই মনে হচ্ছে। বিষয়টি আমার খতিয়ে দেখব।”

নামাজের আগে কয়েকজন মুসুল্লিও জানান, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোটসহ সমমনা দলগুলোর পেছনে জামায়াত-শিবিরের কর্মীরা ইন্ধন যোগাচ্ছে।

মিরপুর ১১ থেকে ১০ নম্বর গোলচক্কর পর্যন্ত এলাকায় গণজাগরণ মঞ্চবিরোধীদের মিছিল শুরু হয়। পুলিশ বাঁধা দিলে শুরু হয় সংঘর্ষ।

পরে পুলিশ লাঠিপেটা করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত পাঁচজনকে আটক করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকের রাস্তার মাঝামাঝি স্থানে দুপুর সোয়া ২টার দিকে ৮-১০টা ককটেল বিস্ফোরিত হয়।

এ সময় সেখানে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনামুল জানান, ককটেল বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ওই এলাকায় মানুষ ছুটোছুটি শুরু করে। বিস্ফোরণে একজন পথচারীও আহত হন।

Image
রাজধানীর পল্টনে মিছিলকারীদের তাণ্ডব

রাজধানীর পল্টনে মিছিলকারীদের তাণ্ডব

সহিংসতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীতে ১৭২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পলিশের উপকমিশনার (মিডিয়া)। ঢাকার বাইরে প্রায় সব জেলা থেকেই সহিংসতার খবর এসেছে। সিলেট, ঝিনাইদহ ও গাইবান্ধায় জুমার নামাজের পর সহিংসতায় এক মাদ্রাসা শিক্ষকসহ চার জনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে, যার মধ্যে অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর অজ্ঞাত পরিচয় এক যুবক (২৮) মারা যান। সংঘর্ষের পর ৫৬ জনকে আটক করা হয়েছে বলে জানান সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান। তিনি জানান, হামলাকারীরা সেনা বাহিনী পরিচালিত ট্রাস্ট ব্যাংক এবং পুলিশের একটি পিকআপে আগুন দেয়; শহীদ মিনারের সীমানাপ্রাচীর, মুজিব-জাহান ব্লাড ব্যাংক ও বিএমএ ভবনেও ভাংচুর চালায়। ঝিনাইদহ প্রতিনিধি জানান, যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের দাবিতে দুপুরে একটি মিছিলে এক দল যুবক বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে পিটুনিতে নিহত হন ঝিনাইদহ শহরের সিদ্দকীয়া আলিয়া মাদ্রাসার আরবী শিক্ষক আব্দুস সালাম (৫৫)। তার গ্রামের বাড়ি রাজবড়ীর বালিয়াকান্দি উপজেলায়। সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। এ সময় পুলিশ বেশ কয়েক রাউণ্ড টিয়ার শেল নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো হাসানুজ্জামান জানান, যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের দাবিতে মিছিলটি শহরের হাটখোলা এলাকা থেকে পায়রা চত্বরের দিকে আসছিল। এ সময় একদল লাঠিধারী যুবক তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে লাঠিপেটায় আহত আব্দুস সালামকে সদর হাসপাতালে নেয়ার পর আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ আল মামুন তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। সংঘর্ষের সময় দুই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে তাদের শারিরীক ভাবে লাঞ্ছিত করার খবরও এসেছে। গাইবান্ধা প্রতিনিধি জানান, পলাশবাড়িতে হেফাজতে ইসলামের ব্যানারে একদল লোক শহরের চৌমাথায় গণজাগরণ মঞ্চ ভাংচুর শুরু করলে সংর্ঘষে দুইজন নিহত হয়। গাইবান্ধার পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম দুইজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। এছাড়া পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছে, যার মধ্যে ৫ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। গাইবান্ধা শহরেও পুলিশের সঙ্গে গণজাগরণবিরোধীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ২০ জনকে আটক করে। রাজশাহীতে হামলা হয়েছে সংহতি গণমঞ্চে। জামায়াত-শিবির কর্মীরা হামলা ও ভাংচুর চালিয়েছে বলে পুলিশের দাবি। জুমার নামাজের পরপরই নগরীর সোনাদীঘি মসজিদ থেকে ‘ঈমান ও আকিদা হেফাজত কমিটি’র ব্যানারে মিছিল নিয়ে এ হামলা চালানো হয়। এর কিছু পরে বিক্ষুদ্ধ জনতা আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের রাজশাহী কর্পোরেট শাখায় ভাংচুর করে আগুন দেয়। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মনিরুজ্জাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈমান ও আকিদা হেফাজত কমিটির ব্যানারে মূলত জামায়াত-শিবির কর্মীরা এ হামলা চালায়।” নগরীর আলুপট্টি মোড়ের সংহতি গণমঞ্চে হামলা ও ভাংচুর চালিয়ে ফেরার পথে কুমারপাড়া এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও ইট-পাটকেল নিক্ষেপ করে মিছিলকারীরা। কুমারপাড়া, সাহেববাজার, সোনাদীঘি মোড়, লক্ষ্মীপুর, রামুবাজারসহ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ ও দাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
Image
চট্টগ্রামে জাগরণ মঞ্চে হামলা চালিয়ে ভাংচুর করে মিছিলকারীরা।

চট্টগ্রামে জাগরণ মঞ্চে হামলা চালিয়ে ভাংচুর করে মিছিলকারীরা।

এসব ঘটনায় অন্তত ২৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান গোয়েন্দা পুলিশের মহানগর ওসি আলমগীর হোসেন। নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে ৩০ জনকে। চট্টগ্রামে ‘গণজাগরণ মঞ্চবিরোধী’ স্লোগান দিয়ে মিছিল করে সাংবাদিক, গণমঞ্চ ও প্রেস ক্লাবে হামলা চালায় ইসলামী সংগঠনের কর্মীরা। হামলার পরপরই বিক্ষুব্ধ জনতা জামালখান রোডে দিগন্ত টিভি চ্যানেল ও দৈনিক সংগ্রাম কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ছাড়া চেরাগী পাহাড় মোড়সহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। দফায় দফায় হামলায় দুই পুলিশ ও ১০ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর আবারো গণজাগরণ মঞ্চে ফিরে এসে সারা দেশের মানুষকে বিক্ষোভে ডেকেছে শাহবাগের আন্দোলনকারীরা। বিকেলের পর সেখানে মানুষের ঢল নামে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগের এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ইমরান এইচ সরকার শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাগরণ মঞ্চ থেকে বলেন, “আজকের হামলায় উস্কানি দিয়েছে জামায়াত শিবিরের পত্রিকা আমার দেশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর সম্পাদক মাহামুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।” একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শুরু হয় শাহবাগের জাগরণ। এর একাদশ দিনে, গত ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে খুন হন স্থপতি রাজীব। নিজের বাসার সামনে এই ব্লগারকে জবাই করে হত্যা করা হয়।

পুরনো খবর:

‘সহিংসতা জামায়াতের নেতৃত্বে’
আমার দেশ সম্পাদককে গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময়
চট্টগ্রামে সোমবারও হরতাল
সহিংসতায় তিন জেলায় নিহত ৪
রোববার হরতাল ডেকেছে ১২ দল