ইসলামী ১২ দলের নেতাকর্মীদের মুক্তি চায় বিএনপি
ইসলামী ও সমমনা ১২ দলসহ কয়েকটি সংগঠনের বিক্ষোভ কর্মসূচিতে ‘পুলিশ-র্যা বসহ ক্ষমতাসীন দলের কর্মীদের হামলা ও গ্রেপ্তারের’ নিন্দা জানিয়েছে বিএনপি।
শুক্রবার রাতে এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিন্দা জানান।
সেইসঙ্গে তিনি গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি এবং চট্টগ্রামে দিগন্ত টিভি ও আমার দেশ পত্রিকার ব্যুরো অফিসে ‘হামলাকারীদের’ গ্রেপ্তার দাবি করেন।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, “সরকার রক্তচোষা প্রাণীতে পরিণত হয়েছে বলেই মহান আল্লাহ ও তার রাসুল (স.)-কে অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদী ধর্মপ্রাণ মানুষকে হত্যা ও জখম করেছে। একটি অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই তারা [সরকার] ইসলামের অবমাননাকারীদের মদদ দিয়ে যাচ্ছে। ধর্মপ্রাণ মানুষের আন্দোলনকে প্রতিহত করতে সরকার নিষ্ঠুর খুনোখুনীতে মেতে উঠেছে।”
সে অনুযায়ী শুক্রবার নামাজের পর এসব সংগঠনের মিছিল থেকে রাজধানীর বায়তুল মোকাররম, পল্টন ও কাঁটাবন, মিরপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক তাণ্ডব চালানো হয়। হামলা-সংঘর্ষ হয় চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায়।
চট্টগ্রাম ও রাজশাহীতে হামলা ও ভাংচুর করা হয় স্থানীয় সংহতি মঞ্চ। সিলেটের শহীদ মিনারে আগুন দেয় মিছিলকারীরা।
পুলিশ বলছে, ইসলামী ১২ দলের কর্মসূচিকে ব্যবহার করে জামায়াতে ইসলামী কর্মীরা এই সহিংসতা চালিয়ে থাকতে পারে।
মির্জা ফখরুল বলেন, আল্লাহ রাব্বুল আলামীন ও মহানবীর (স.) ওপর গভীর বিশ্বাসে যদি কেউ আঘাত করে কিংবা ইসলাম ধর্ম নিয়ে ‘ব্যঙ্গ, অশালীন ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করে তা এদেশের মসুলমানরা কখনোই মেনে নিতে পারে না।
তিনি দাবি করেন, “কিন্তু সরকার তাদের [ইসলাম অবমাননাকারীদের] পক্ষ নিয়ে প্রকারান্তরে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতিকেই আঘাত ও অসম্মান করেছে।”
শুক্রবারের সহিংতার প্রসঙ্গে এই বিবৃতিতে অভিযোগ করা হয়, এই ‘হামলার’ ঘটনায় ইসলামী ঐক্যজোট ও জমিয়তে ওলামায়ে ইসলামের অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছেন। সারাদেশ থেকে অসংখ্য ‘নেতা-কর্মী’ ও সাধারণ ‘মুসল্লিকে’ পুলিশ গ্রেপ্তার করে।
“আন্দোলনরত মুসল্লীদের পাশাপাশি পুলিশ, র্যাব ও সশস্ত্র সন্ত্রাসীদের নির্বিচার গুলিতে দায়িত্বরত সাংবাদিকরাও রেহাই পাননি। আহত ১২ জন সাংবাদিক ও ক্যামেরাম্যানের মধ্যে জিটিভির মাকসুদ ও আমার দেশ পত্রিকার সাংবাদিক মীর হোসেন মীরুসহ কয়েকজনের অবস্থা গুরুতর।”
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার পর সন্ধ্যায় আবারো শাহবাগের গণজাগরণ মঞ্চে ফিরে এসে সারা দেশে বিক্ষোভের ডাক দেন আন্দোলনকারীরা।
একই সঙ্গে এই সহিংসতার পেছনে আমার দেশ পত্রিকাকে চিহ্নিত করে এর সম্পাদক মাহামুদুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
এই দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের ‘ফাঁদে পা দিয়ে’ কতিপয় অনলাইন ব্লগার দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের যে ‘হুমকি’ দিয়েছে তা চরম ‘অগণতান্ত্রিক ও ধৃষ্টতাপূর্ণ’।
“এটি সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর আক্রমণ। অতীতেও একদলীয় বাকশাল গঠনের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার চারটি সংবাদপত্র রেখে সবগুলো বন্ধ করে দিয়েছিলো। গণমাধ্যম দমন করা আওয়ামী রাজনীতির ঐতিহ্য।”
এই বিএনপি নেতা সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, স্বাধীন দেশে গণমানুষের মুখপাত্র সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠরোধ যেমন অতীতেও ‘ব্যর্থ’ হয়েছে একইভাবে বর্তমান সরকারেরও সেই ‘স্বপ্ন ধুলোয় মিশে যাবে’।
বিবৃতিতে সহিংসতায় আহত নেতবৃন্দসহ সাংবাদিকদের আশু আরোগ্য কামনা করা হয়।
