২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্যের দীপ্তি অমলিন

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগের আন্দোলন একদিন-দুই দিন করে এক সপ্তাহে গড়াল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 07:33 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

দেশবাসীর অকুণ্ঠ সমর্থনের পর রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় সংসদের সমর্থন নিয়ে দীপ্ত স্লোগানে সোমবার নতুন সপ্তাহ শুরু করেছে আন্দোলনকারীরা।

আগের ছয়টি সকালে মতো এ দিনও শাহবাগের দিন শুরু হয়েছে রাতজাগা তারুণ্যের কবিতা গান আর ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্লোগানে যোগ হচ্ছে নতুন কণ্ঠ।     

রোববার সংসদের সমর্থনের পাশাপাশি জাতীয় ক্রিকেট দলের ‘সাহস’ নেয়ার পর মধ্যরাতে ‘প্রজন্ম চত্বর’ ছিল আলোয় আলোকিত।

হাজারো মোমবাতি জ্বালিয়ে নিজেদের চেতনার অগ্নিশিখার প্রকাশ ঘটিয়েছেন এই আন্দোলনকারীরা, করেছেন মশাল মিছিলও।  

দিনমান বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনে সংহতি প্রকাশ করেন।

আগের দিনগুলোর মতোই সন্ধ্যার পর ঢল নামে মানুষের। হাজারো মানুষের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ।

Image
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে রোববার রাজধানীর শাহবাগ মোড়ে মশাল মিছিল করে আন্দোলনকারীরা।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে রোববার রাজধানীর শাহবাগ মোড়ে মশাল মিছিল করে আন্দোলনকারীরা।

শাহবাগ মোড় থেকে আজিজ সুপার মার্কেট যাওয়ার পথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে গোল হয়ে বসে মোমবাতি জ্বালিয়ে স্লোগান আর গণসঙ্গীতে চলতে থাকে প্রতিবাদ।

ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে অনেকে ছুটে আসেন সংহতি জানাতে।

জাতীয় জাদুঘরের সামনে একটি ফাঁসির মঞ্চ তৈরি করে তার সামনে বিক্ষোভ দেখান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী।

এছাড়া চারুকলার সামনে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

দুপুরে অধিনায়ক মুশফিকুর রহিম ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা তরুণ-যুবাদের দাবির সঙ্গে সংহতি জানাতে আসেন জাতীয় দলের ক্রিকেট দল।

এই সমর্থন মনোবলকে আরো বাড়িয়ে দিয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

সকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল দুরন্ত রাজশাহীও  শাহবাগে এসে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।

সঙ্গীতশিল্পী মমতাজও এদিন আন্দোলনে সংহতি প্রকাশ করেন। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গানও গেয়ে শোনান তিনি।

একেকটি মিছিল এসে পৌঁছানো মাত্র তালি আর স্লোগানে তাদের স্বাগত জানাচ্ছিলেন বাকিরা।

স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীরাও জড়ো হন স্লোগানে গলা মেলাতে।

Image
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে রোববার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে রোববার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

তবে উজ্জীবিত এই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ লাকি আক্তারকে রোববার সন্ধ্যায় সমাবেশের ভেতরেই পেছন থেকে মাথায় আঘাত করা হয়।

হাসপাতালে চিকিৎসা নিয়ে রাতেই সমাবেশে আবার ফিরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী, স্লোগানের কারণে যাকে অনেকে অগ্নিকণ্ঠী বলছেন।

লাকি বলেছেন, কে তাকে আঘাত করেছে তাকে তিনি দেখেননি। তবে দুষ্কৃতকারীদের খুঁজে শাস্তি দেবে আন্দোলনকারীরা।

গত ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজার রায় দিলে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যোগে শাহবাগে শুরু হয় অবস্থান কর্মসূচি। ঘণ্টাখানেকের তা তা হাজার হাজার মানুষের সমাবেশে পরিণত হয়।

কাদের মোল্লার যাবজ্জীবন সাজা বাড়াতে আপিল করার কোনো সুযোগ ট্রাইব্যুনালের বর্তমান আইনে ছিল না।

তবে এই আন্দোলনের পর সরকার রোববারই জানিয়েছে, আসামির মতো প্রসিকিউশনেরও আপিলের সুযোগ রেখে আইন সংশোধন হচ্ছে।

আর আইন সংশোধনের এই প্রস্তাব মন্ত্রিসভায় ওঠার কথা সোমবারই।

তবে শাহবাগে আন্দোলনকারীদের সমাবেশ মঞ্চ থেকে সোমবার সকালেও ঘোষণা আসে- ফাঁসির রায় না দেখে রাজপথ ছাড়বেন না তারা।

পুরনো খবর:

ফাঁসির দাবিতে অটল বাংলাদেশ