ফাঁসির দাবিতে অটল বাংলাদেশ
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে উদ্বোধন হওয়া তারুণ্যের দৃপ্ত স্লোগান ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি প্রান্তে।
দাবিতে অটল দেশের মানুষ নিজ নিজ আন্দোলনের অবস্থান থেকে ফাঁসির রায় ছাড়া ঘরে না ফেরার শপথ নিয়েছে।
দিনরাত বিক্ষোভ-স্লোগানে ক্লান্ত হয়েও তরুণরা রাজপথ ছেড়ে যেতে রাজি নন। প্রতিদিন যেন নতুন চেতনায় উজ্জীবিত হয়ে উঠছেন। তৈরি করছেন নতুন নতুন স্লোগান।
শহাবাগসহ দেশের জেলায় জেলায় সকল শ্রেণিপেশার মানুষ তরুণদের এই জাগরণে সামিল হচ্ছে। একাত্মতা প্রকাশ করছে।
গত ৫ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদ-ের রায় হয়। এ রায় প্রত্যাখ্যান করে রাজধানীর শাহবাগে প্রথম অবস্থান কর্মসূচি শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনাসহ সারাদেশে। জেলায় জেলায় তৈরি হয় তারুণ্যের মঞ্চ। প্রতিদিন চলছে ফাঁসির দাবির বিরামহীন অনুষ্ঠানমালা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা রয়েছেন প্রতিটি জেলায়। তাদের পাঠানো সংবাদ-
চাঁদপুর: প্রতিদিনের মতো রোববারও বিকাল ৫টা থেকে শহরের শপথ চত্বরে কর্মসূচি শুরু হয়। মুক্তিযোদ্ধা, পেশাজীবী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এসে একাত্মতা প্রকাশ করেন। এছাড়া চলছে সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন।
রাজশাহীতে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলনের শপথে ফজলে হোসেন বাদশা।
দিনাজপুর: মানবতাবিরোধী সকল অপরাধীর ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরাম রোববার মানববন্ধন করেছে।
বিশ্বাবদ্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কের উভয় পাশে বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশাল এই মানব বন্ধনে বিশ্বাবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রুহুল আমিন ও রেজিস্ট্রার ড. বলরাম রায়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, হাবিপ্রবি স্কুলের শিক্ষকসহ ছাত্র-ছাত্রী এবং স্থানীয় বাশেরহাট এলাকার শত শত সাধারণ মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।
প্রতিদিনের মতো বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে সমাবেশ, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গণসঙ্গীত।
দিনাজপুর লোকভবন প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ‘প্রজন্ম হুংকার’র ব্যানারে এই আন্দোলনে নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ সব বয়সের মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছে।
গাইবান্ধা: পৌরপার্কের বিজয় স্তম্ভে চারদিন ধরে মুক্তিযুদ্ধের প্রজন্ম’র ব্যানারে গণজাগরণ কর্মসূচি অব্যাহত আছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রগতিশীল বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক ছাত্রসহ সর্বস্তরের মানুষ বিজয় স্তম্ভে অবস্থান নিয়ে কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধিদের ফাঁসির দাবিতে জানাচ্ছে।
জেলা শহর ছাড়াও সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায়ও কর্মসূচি চলছে।
কর্মসূচির মধ্যে রয়েছে স্লোগান, বক্তব্য, গণসংগীত, কুশপুত্তলিকা দাহ, মশাল, প্রদীপ ও মোমবাতি প্রজ্জালন।
গোপালগঞ্জ: মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, প্রতীকী ফাঁসি, গণস্বাক্ষর কর্মসূচি রোববারও অব্যাহত রয়েছে।
সকালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এরপর সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ক্যাম্পাসে গণস্বাক্ষর গ্রহণ করা হয়।
জয়পুরহাট: শনিবার সন্ধ্যায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানের শহীদ মিনার পাদদেশে শুরু হওয়া ফাঁসির দাবির আন্দোলন চলছে। চলছে বিভিন্ন স্লোগান, মুক্তিযুদ্ধভিত্তিক ও দেশাত্ববোধক।
খাগড়াছড়ি: জেলা শহরের শাপলা চত্বরে যুদ্বাপরাধীদের প্রতীকি ফাঁসি এবং কুশ-পুত্তলিকা পোড়ানো হয়।
শিশু-কিশোর-বৃদ্ধসহ শ্রমজীবী মানুষের গগণবিদারী শ্লোগানে যেন জেগে ওঠে একাত্তরের চেতনা।
যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের দাবিতে কুষ্টিয়ায় কর্মসূচি।
স্লোগান মুখরিত সমাবেশে বক্তব্যের পাশাপাশি চলছে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন।
মুন্সীগঞ্জ: রোববারও কেন্দ্রীয় শহীদ মিনারে জেলার সর্বস্তরের মানুষ অবস্থান কর্মসূচি পালন করেছে। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
নরসিংদী: প্রতিবাদ সমাবেশ, মোমবাতি প্রজ্জালন, কবিতা আবৃত্তিসহ নেচে গেয়ে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানাচ্ছে সর্বস্তরের জনতা।
নরসিংদী কালেক্টরেট ভবনের সামনে মুক্তিযোদ্ধা বেদি, পৌরসভা সংলগ্ন স্বাধীনতা চত্বর, ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে বিরতিহীনভাবে চলছে এসব কর্মসূচি।
নেত্রকোনা: প্রতিদিনের মতো রোববারও বেলা ৩টায় পৃথক তিনটি মঞ্চ থেকে নানা কর্মসূচি শুরু হয়। নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের তারুণ্যের মঞ্চ, কেন্দুয়া উপজেলা সদরে শহীদ মিনারের চেতনা মঞ্চ ও মোহনগঞ্জ উপজেলা সদরে শহীদ মিনারের মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে এসব কর্মসূচি চলছে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে কবিতা আবৃত্তি, গণসংগীত, মশাল প্রজ্জ্বালন, সংগীত , আবৃত্তি, বক্তব্য ও স্লোগান।
নোয়াখালী: গণজাগরণ মঞ্চের ব্যানারে রোববার পতাকা মিছিল হয়েছে। সকাল ১১টায় জেলা শহরের মুক্ত মঞ্চ থেকে মিছিলটি বের হয়।
এতে সংহতি প্রকাশ করে ছাত্র, সাংবাদিক, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, উন্নয়নকর্মীসহ সর্বস্তরের জনতা।
রাজশাহী: রোববার সকালেও ক্লাশ পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে আসে স্কুল কলেজের শিক্ষার্থীরা। তারা মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর, সাহেববাজার জিরোপয়েন্ট ও কোট শহীদ মিনার চত্বরে সমাবেত হয়ে কর্মসূচিতে াংশ নেন।
খুলনা: রোববার দুপুরে খুলনায় ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
এদিকে নগরীর শিববাড়ী মোড়ে নির্দলীয় গণমঞ্চে জনতার ঢেউ বেড়েই চলেছে। পঞ্চম দিন জনতার ঢেউ শিববাড়ী মোড়ের বিশাল এলাকা ছাড়িয়ে আশেপাশে ছড়িয়ে পড়েছে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে গোটা এলাকা। চলছে গণসঙ্গীত ও কবিতা পাঠ।
রাজাকারদের ফাঁসির দাবিতে এক অন্ধ ভিক্ষুক গণমঞ্চে গিয়ে লালন গীতি পরিবশেন করেন।
বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের হাজার হাজার ছাত্র-ছাত্রীরা উপস্থিত হচ্ছে সমাবেশে। বেলা দেড়টার দিকে গণমঞ্চে যুদ্ধাপরাধীদের কুশপুত্তলি দাহ করা হয়।
টাঙ্গাইল: রোববার টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ।
ঠাকুরগাঁও: ফাঁসির রায় নিশ্চিত না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবিরাম অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার রাত থেকেই শহীদ মিনারে অবস্থান করছেন তারা। রোববার সকালে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম সহ, ঘাতক দালাল নির্মুল কমিটি, উদীচী শিল্পী গোষ্ঠি, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী।
ময়মনসিংহ: সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বালন, গণসংগীত ও প্রামণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় যুদ্বাপরাধীর ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে ছাত্র-জনতা।
বিকালে শহরের দুর্গাবাড়ি রোডে জাগো ময়মনসিংহের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পরে সংগীত। এছাড়াও শহরতলী শম্ভুগঞ্জ চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচির আয়োজন করে মানবাধিকার নাট্য পরিষদ।
