২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সতর্ক থাকুন, সুযোগ দিন: প্রধানমন্ত্রী

লক্ষ্য অর্জনে ধারাবাহিকতা নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 01:32 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সরকারের চার বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, বিশ্ব এখন বলছে, বর্তমান সরকারের ব্যাপক কর্মকাণ্ড বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে।

“আমাদের এ লক্ষ্য অর্জনে সরকারের ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন। আপনারাই পারেন আমাদেরকে সেই সুযোগ দিতে। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির যে উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা অব্যাহত রাখতে।”

ভবিষ্যতে ‘কোনো মহল’ যাতে আর আর কখনো জনগণের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

একইসঙ্গে সংঘাতের পথ পরিহার করার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “যুদ্ধপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করবেন না। তাহলে জাতি আপনাদের কখনোই ক্ষমা করবে না।”

শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে প্রধানমন্ত্রীর এই  ভাষণ বাংলাদেশ টেলিভিশন,  বাংলাদেশ বেতারসহ দেশের সব সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হয়।

‘অগ্রযাত্রা অব্যাহত থাকবে’

২৯ মিনিটের এই বক্তৃতার শুরুতেই ২০০৮ সালের ২৯ শে ডিসেম্বরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “চার বছর পর আজ আমরা গর্বভরে বলতে পারছি, নির্বাচনের প্রাক্কালে যেসব অঙ্গীকার আপনাদের কাছে দিয়েছিলাম, নানামুখী প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য পূরণ করতে পেরেছি। কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্যের চেয়েও বেশি অর্জন করেছি।”

সামনের দিনগুলোতেও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সরকারের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশ্ব অর্থনৈতিক মন্দার পরও বাংলাদেশের অর্থনীতি দৃঢ় অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির প্রতিটি সূচক ইতিবাচক ধারায় এগোচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছে।

“বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল”, বলেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদে ২০১১ সালে দেয়া ‘জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন মডেল’ উত্থাপন এবং গত ডিসেম্বরে তা ১৯৩টি সদস্য রাষ্ট্রের সম্মতিতে পাস হওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “আমার কন্যা সায়মা হোসেন পুতুলের উদ্যোগে বিশ্বব্যাপী ‘অটিজম সচেতনতা’ সৃষ্টির লক্ষ্যে আরেকটি প্রস্তাব গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপন করি। সেটিও গত মাসে সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক বিরল সম্মান।”

এসব অর্জনে সরকারের পাশাপাশি জনগণেরও অবদান রয়েছে মন্তব্য করে দেশবাসীকে অভিনন্দন জানান শেখ হাসিনা।

‘বিএনপি-জামায়াত ঐক্য নতুন নয়’

একাত্তরের যুদ্ধাপরাধের বহু প্রতিক্ষিত বিচার শেষ করার প্রত্যয় জানিয়ে শেখ হাসিনা তার ভাষণে বলেন, “বিএনপি-জামায়াত যতো ষড়যন্ত্রই করুক, যতো অপচেষ্টা করুক- যুদ্ধাপরাধী, যারা মা-বোনদের সম্ভ্রম হরণকারী, বুদ্ধিজীবী হত্যাকারী তাদের বিচার বাংলার মাটিতে হবেই।”

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধনীতাবিরোধী চক্রের লুটপাট, অগ্নিসংযোগ, নির্যাতনের কথা স্মরণ করে তিনি এ বিচার শেষ করতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের বিচার গণদাবিতে পরিণত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষই এখন যুদ্ধাপরাধের বিচার চায়।

এ বিচার নিয়ে প্রধান বিরোধীদলের অবস্থানের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “এ দাবিকে অগ্রাহ্য করে বিএনপি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য মাঠে নেমেছে। নৈরাজ্য সৃষ্টি করছে। জামাত ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে।”

যুদ্ধাপরাধীদের সঙ্গে বিএনপির এই ঐক্য ‘নতুন কিছু নয়’ বলেও মনে করে শেখ হাসিনা।

তিনি বলেন, “তাদের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৫ সালে অবৈধ মার্শাল ল সরকার গঠন করে। তারপর যুদ্ধাপরাধী-স্বাধীনতাবিরোধীদেরকে পুনর্বাসন শুরু করে। তাদেরকে জেল থেকে মুক্ত করে। অনেককে দেশে ফিরিয়ে আনে। নাগরিকত্ব দেয়। রাজনীতিতে প্রতিষ্ঠিত করে। প্রধানমন্ত্রী, উপদেষ্টা-মন্ত্রী বানায়।”

২০০৯ সালে বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। দুটি ট্রাইব্যুনালে বতর্মানে জামায়াতে ইসলামীর শীর্ষ দশ নেতা ও বিএনপির দুইজনের বিচার চলছে।  

এদের মধ্যে জামায়াতের সাবেক আমীর গোলাম আযম স্বাধীনতার পর থেকেই বিদেশে অবস্থান করলেও জিয়ার আমলে বাংলাদেশে ফিরে আসে এবং নাগরিকত্ব পায়। মুক্তিযুদ্ধের সময় বাঙালি হত্যায় পাকিস্তানি বাহিনীকে সহায়তাকারী হিসেবে গোলাম আযমের নামই সবার ওপরে উঠে আসে।

‘ভবিষ্যৎ প্রবৃদ্ধি-ইঞ্জিন’

শেখ হাসিনা বলেন, তার সরকারের নেয়া কর্মযজ্ঞের মধ্য দিয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ, ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে।

‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে’ বাংলাদেশ গড়ার যে ‘সম্ভাবনা’ সৃষ্টি হয়েছে, সবাই মিলে তা বাস্তবে পরিণত করার আহবান জানান তিনি।

শেখ হাসিনা গত চার বছরে সরকারের নেয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং তাতে সাফল্যের কথা তুলে ধরেন তার ভাষণে।

ছয় শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখা, চার বছরে ৪ হাজার ৮০০ কোটি ডলারের রেমিটেন্স আসা, ২০ লাখ ৪০ হাজার লোককে কাজ দিয়ে বিদেশে পাঠানো, ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভবিষ্যৎ প্রবৃদ্ধি-ইঞ্জিন হিসেবে দেখা হচ্ছে।

তিনি বলেন, “সরকার গঠনের পর এক অগ্নিপরীক্ষার মধ্যে পড়েছিলাম। তাই সরকারের প্রথম দিনই মন্ত্রিপরিষদের বৈঠক করে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী করণীয় নির্ধারণ করি। শুরু হয় সরকারের এক মহা কর্মযজ্ঞ।

“এই চার বছর সরকার অক্লান্ত পরিশ্রম করেছে। আপনারা সর্বাত্মকভাবে সহায়তা করেছেন। দেশ দ্রুত এগিয়ে গেছে। প্রতিটি পরিবারে উন্নয়নের ছোঁয়া লেগেছে।”

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও ভাষণে তুলে ধরেন প্রধানমন্ত্রী। 

“দুদক এখন স্বাধীনভাবে কাজ করছে। তদন্তের স্বার্থে দুদক মন্ত্রী, উপদেষ্টা, এমপি, সচিবকে তলব করছে। বার বার জিজ্ঞাসাবাদ করতে পারছে। মামলা দিচ্ছে।

বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান এবং হলমার্ক কেলেঙ্কারিতে সম্পৃক্ততার অভিযোগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে গত বছর জিজ্ঞাসাবাদ করে দুদক।

শেখ হাসিনা বলেন, “সকল অনিয়ম দূর করার স্বার্থে হলমার্ক ও ডেসটিনির অর্থ আত্মসাতের সাথে জড়িতদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।”

চার বছরের সাফল্য

প্রধানমন্ত্রীর ভাষণের একটি বড় অংশজুড়ে ছিল সরকারের গত চার বছরের বিভিন্ন কাজ ও সাফল্যের বিবরণ।

তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। জনপ্রশাসনকে দক্ষ ও জবাবদিহিমূলক করা হয়েছে।নারীর অধিকার সুরক্ষায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন করেছে সরকার।

আগের চেয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন সরকারপ্রধান।

বিডিআর বিদ্রোহের বিচারকাজ শেষ হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি ওই ঘটনায় চলমান হত্যা মামলার বিচারও দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্র মামলার বিচারকাজও চূড়ান্ত পর্যায়ে আছে।

সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন, জনস্বার্থ সংশি¬ষ্ট তথ্য প্রকাশ সুরক্ষা প্রদান আইন, মানবাধিকার কমিশন গঠন করার কথা বলেন শেখ হাসিনা।

তিনি সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির উন্নয়নে প্রতিটি ইউনিয়নে ইন্টারনেট সার্ভিস ও তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। সম্প্রতি দেশে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সেবা চালু হয়েছে।

বিদ্যুৎ সমস্যা ‘সমাধানের’ কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা এ পর্যন্ত ৩ হাজার ৮৪৫ মেগাওয়াট ক্ষমতার ৫৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি। সর্বোচ্চ ৬ হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছি। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে ৮ হাজার ৫২৫ মেগাওয়াটে উন্নীত করা হয়েছে।”

এক হাজার মেগাওয়াট ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে চুক্তির বিষয়টিও প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন।

শিক্ষার উন্নয়নে বিনামূল্যে ২৭  কোটি বই বিতরণ, ৭৮ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া, ২৬ হাজার ২০০ প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ এবং স্বাস্থ্য, সমাজ সেবা, শিল্প, অবকাঠামোগত খাতে সরকারের বিভিন্ন উন্নয়নের কথাও তিনি তুলে ধরেন।

শেখ হাসিনা বলেন, বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো তার সরকার পুনরায় চালু করেছে। বাংলাদেশ এখন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক সংখ্যায় রাস্তাঘাট, সেতু ও রেললাইন নির্মাণ করা হচ্ছে। খনন করে বাড়ানো হচ্ছে নদীর নাব্য।

জনসংখ্যার সঙ্গে সঙ্গতি রেখে রাজধানীতে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, যানজট হ্রাস, জলাবদ্ধতা নিরসন ও সৌন্দর্য্যবর্ধনের কাজ চলছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

২০০৯ সালে সরকার গঠনের পর থেকে প্রতি বছরই সরকারের বছরপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আসছেন শেখ হাসিনা।

২০১০ ও ২০১১ সালে ৬ জানুয়ারি এবং ২০১২ সালে ৫ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেন সরকার প্রধান। তবে এবার তিনি ভাষণ দিচ্ছেন বর্ষপূতির চার দিন পর।

 

পুরনো খবর:

‘এক-এগারোর হোতারা এখনো সক্রিয়’