২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এক-এগারোর হোতারা এখনো সক্রিয়’

প্রধান দুই রাজনৈতিক দলের নেতৃত্বকে সরিয়ে কথিত ‘মাইনাস টু ফর্মুলা’ যারা বাস্তবায়ন করতে চেয়েছিল তারা এখনো সক্রিয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 03:28 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তারা আবারো এক-এগারোর মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারের চার বছর পূর্তিতে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেখ হাসিনা বলেন,  “একটি বিষয় লক্ষ্যণীয়, সেদিন যারা মাইনাস টু ফর্মুলা প্রবর্তন করতে চেয়েছিল তারা এখনও সক্রিয়। মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে।”

“ভবিষ্যতে জনগণের সাংবিধানিক অধিকার যেন কোনো মহল কেড়ে নিতে না পারে সে বিষয়ে আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি”, বলেন তিনি।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ দেশের সম্প্রচারমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর এ ভাষণ একযোগে প্রচার করে।

২০০৯ সালে সরকার গঠনের পর থেকে প্রতি বছরই সরকারের বছরপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আসছেন শেখ হাসিনা। ২০১২ সালে তিনি ৫ জানুয়ারি এবং ২০১১ ও ২০১০ সালে ৬ জানুয়ারি ভাষণ দিলেও এবার তিনি ভাষণ দিলেন সেই দিনে, ছয় বছর আগে যে দিনে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটি বড় ঘটনা ঘটে।  

২০০৬ সালের শেষ ভাগে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সারাদেশে যে সহিংসতা-হানাহানি ছড়িয়ে পড়ে, পরের বছর ১১ জানুয়ারি তার আপাত অবসান ঘটে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের জরুরি অবস্থা জারির মধ্যে দিয়ে। ওইদিনই তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেন, দায়িত্ব নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমদ।

সেনা নিয়ন্ত্রিত সেই তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে দুর্নীতির মামলায় বহু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়। এক পর্যায়ে গ্রেপ্তার হন শীর্ষ দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া। তবে শেষ পর্যন্ত তাদের মুক্তি পর ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচন হয়, যাতে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে।

২০০৭ সালের ১১ জানুয়ারি সেই নাটকীয় পট পরিবর্তনই বাংলাদেশের রাজনীতিতে ‘এক-এগার’ বা ওয়ান-ইলেভেন’ হিসাবে চিহ্নিত হয়ে আছে।

সেই ঘটনাপ্রবাহের কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি ছাড়া অন্য কোনো দলের অংশগ্রহণ ছাড়াই ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক আইন পাস করা হয়। পরবর্তীতে ক্ষমতায় গিয়ে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটারসহ ভোটার তালিকা তৈরি করে বিএনপি।

বিগত বিএনপি সরকারের সময়ে ‘বিতর্কিত ব্যক্তিকে’ প্রধান নির্বাচন কমিশনার করা এবং রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ নেয়ার বিষয়গুলোও উঠে আসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্যে।

তিনি বলেন, “তাদের (বিএনপি) উদ্দেশ্য ছিল ভোট কারচুপি করে পুনরায় ক্ষমতায় যাওয়া।”

পরবর্তীতে উপদেষ্টাদের পদত্যাগ এবং ইয়াজউদ্দিন আহম্মেদের জরুরি অবস্থা ঘোষণার মধ্য দিয়ে ‘এক-এগারোর’ সৃষ্টি হয় বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, দেশে তখন সেনা মোতায়েন করা হয়। মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়। শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার ও হয়রানি করা শুরু হয়।  

“এরপর গ্রামে গ্রামে হাটবাজার ভেঙে ফেলা, ব্যবসা-বাণিজ্যের ক্ষতি সাধন করাসহ নানা ঘটনায় মানুষের জীবনে নাভিশ্বাস ওঠে।”

“তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর ক্ষমতা আঁকড়ে রাখে এবং চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার প্রয়াস চালায়।”

‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়ন করার উদ্দেশ্যে ‘মিথ্যা মামলা দিয়ে হয়রানি’ এবং ‘গোয়েন্দা সংস্থা দিয়ে নির্যাতন’ চলতে থাকে বলেও তিনি মন্তব্য করেন।

শেখ হাসিনা দাবি করেন, কেবল আওয়ামী লীগ সরকারই ২০০১ সালের ১৫ জুলাই পাঁচ বছর পূর্ণ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল।

নির্বাচন কমিশন যাতে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে বর্তমান সরকার সেই পরিবেশ সৃষ্টি করেছে বলেও তিনি মন্তব্য করেন।

আগামী নির্বাচন নিয়ে জনগণকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, “যে দল জনগণের ভোটের অধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়, জীবন দেয়, তাদের হাতে জনগণের ভোটের অধিকার সব সময় নিশ্চিত থাকবে।”

“জনগণ যাকে খুশি তাকে নির্বাচিত করে ক্ষমতায় বসাবে”, বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের গত চার বছরে জাতীয় সংসদের ১৪টি উপ-নির্বাচনসহ সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মোট ৫ হাজার ৫০৯টি নির্বাচন হয়েছে এবং প্রতিটিই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

“স্থানীয় সরকার ও উপনির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে আমাদের প্রার্থীও পরাজিত হয়েছে। কিন্তু সরকার কোনো রকম হস্তক্ষেপ করেনি। আমরা জনগণের রায় মাথা পেতে নিয়েছি। অতীতে কোনো সরকারের আমলেই এ ধরনের শান্তিপূর্ণ নির্বাচন হয় নাই।”

পুরনো খবর:

সতর্ক থাকুন, সুযোগ দিন: প্রধানমন্ত্রী
ঘটনাবহুল সেই ওয়ান-ইলেভেন