২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-শ্রমিকদের ধর্মঘটে লঞ্চ চলাচল বিঘ্নিত

মালিকপক্ষ বা সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নৌ ধর্মঘট চালিয়ে যাচ্ছে নৌ শ্রমিকদের একটি অংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 05:46 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

ধর্মঘটের কারণে ঢাকার সদরঘাট থেকে লঞ্চ চলাচল প্রায় অর্ধেকে নেমেছে। বুধবার সারাদিন সদরঘাট থেকে ২৭টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, যেখানে স্বাভাবিক অবস্থায় দিনে অন্তত ৫০টি লঞ্চ যাত্রী নিয়ে সদরঘাট ছাড়ে।

শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবি আদায়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার রাত ১২টার পর থেকে এই লাগাতার ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটের প্রথম দিন বুধবার সকালে সদরঘাট থেকে তিনটি লঞ্চ ছেড়ে গেলেও বৃহস্পতিবার সকালে শুধু সোনারতরী নামে একটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. হুমায়ুন কবির বলেন, সকাল ৯টার দিকে সোনারতরী চাঁদপুরের উদ্দেশ্যে সদরঘাট ছেড়েছে। আর অন্যতমা নামে আরেকটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে ঘাট ছাড়ার অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ সীমায় চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী, পণ্যবাহী ও তৈলবাহী নৌযান, বালুবাহী বাল্কহেড, ফ্ল্যাট বার্জ, টুইন লঞ্চ, টাগ বোট এবং সমুদ্রে মৎস্য আহরণকারী সব জাহাজ শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছেন দাবি করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।

ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন গন্তব্যের লঞ্চযাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সর্বনিম্ন বেতন স্কেল পাঁচ হাজার টাকা করাসহ মোট ১৬টি দাবি রয়েছে নৌ শ্রমিকদের।

শ্রমিক নেতা আশিকুল আলম বলেন, ২০১০ সালের পর দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয় অনেক বাড়লেও শ্রমিকদের বেতন বাড়েনি।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে নৌপথের নিরাপত্তা ও নাব্যতা বাড়ানো এবং মেরিন কোর্টের 'হয়রানি’ বন্ধ করা।

সরকারদলীয় নৌ শ্রমিকদের সংগঠন বাংলাদেশ নৌযান শ্রমিকলীগ এ ধর্মঘটের পক্ষে অবস্থান না নিলেও শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর পক্ষে তাদের অবস্থান জানিয়েছে।

নৌযান শ্রমিকলীগের সভাপতি মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ধর্মঘট চাই না।তবে শ্রমিকদের বেতন কমপক্ষে আট হাজার টাকা চাই।”

তবে লঞ্চ মালিক সমিতির সদস্য ও মানিক লঞ্চের মালিক সিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, এই অযৌক্তিক দাবি না মেনে শ্রমিকরা লঞ্চ চালাতে আগ্রহী। কিন্তু সংগঠনের নেতাকর্মীরা ধর্মঘট করার জন্য তাদের ফোনে হুমকি দিচ্ছে।

মালিক সমিতির এই নেতা বলেন, ২০১০ সালে বেতন-ভাতা বাড়ানোর সময় শ্রমিক ফেডারেশনের সঙ্গে একটি চুক্তি হয়। সে চুক্তি অনুসারে পাঁচ বছরের মধ্যে বেতন-ভাতা বাড়ানোর জন্য তারা মালিককে কোনো চাপ প্রয়োগ করতে পারবে না।

তবে চুক্তির কথা অস্বীকার করে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, “আমাদের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি। মালিক সমিতির নেতারা সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছেন।”

জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের বেতন বাড়ানো হবে- মালিকপক্ষের এমন আশ্বাসের প্রেক্ষিতে ২০১০ সালে শ্রমিকরা কাজে যোগ দেয় বলে জানান তিনি।

হুমকির কথা অস্বীকার করে আশিকুল বলেন, শ্রমিকরা নিজেরাই লঞ্চ চালাচ্ছেন না।

তিনি বলেন, মঙ্গলবার রাতে সুন্দরবন লঞ্চের চালক জামাল ও মো. আলীকে পুলিশ ধরে নিয়ে গেছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সদরঘাট থেকে প্রেসক্লাব অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে।

পুরনো খবর:

লাগাতার ধর্মঘটে নৌ শ্রমিকরা, যাত্রীদের ভোগান্তি
নারায়ণগঞ্জে নৌ ধর্মঘট চলছে
নৌ ধর্মঘটে দুর্ভোগ চাঁদপুরে